সর্বস্তরের জনগণের প্রাণের দাবি

আ. ছোবহান লিটন
ফরিদগঞ্জ উপজেলার প্রায় ৬ লাখ মানুষের প্রাণের দাবি ছিল ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ। অবশেষে সেই দাবি পূরণ হচ্ছে। গতকাল সোমবার পৌর এলাকার ভাটিয়ালপুর এলাকায় ৩৩ শতক ভূমি জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাপ-জরিপ করে লাল নিশানা টানিয়ে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালককে বুঝিয়ে দেন।
একই সময় দ্রুত কাজ করার লক্ষ্যে জেলা গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আলী নুর উপস্থিত হয়ে ডিজিটাল সার্ভের কাজ সমাপ্ত করেন।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ফরিদ আহাম্মদ বলেন, ফরিদগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ নিশ্চিত হয়েছে। আমরা অধিগ্রহকৃত ভূমি বুঝে নিয়েছি। শীঘ্রই গণপূর্ত বিভাগকে বুঝিয়ে দেয়া হবে। গণপূর্ত বিভাগ ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আলী নুর বলেন, জেলা ফায়ার সার্ভিস আমাদের সব কাগজপত্র হস্তান্তর করলে আমরা প্রথমেই সয়েল টেস্ট ও ডিজাইনের জন্য ঢাকা পাঠাবো। পর্যায়ক্রমে টেন্ডার প্রক্রিয়ার পর মাটি ভরাট ও স্থাপনা নির্মাণের কাজ শুরু হবে। তবে নির্দিষ্ট করে বলতে পারছি না কবে নাগাদ শেষ হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি এ বিষয়ে বলেন, খুবই খুশির বিষয় ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের জন্য জমি হস্তান্তর হয়ে গেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই গুরুত্বপূর্ণ বিষয়ের অচিরেই সমাধান হবে। জেলার সর্ববৃহৎ উপজেলা ফরিদগঞ্জে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন প্রায়ই আগুনে পুড়ে ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সচেতনতা না বাড়লে আগুন লাগা হয়তো বন্ধ হবে না। তবে ফায়ার সার্ভিস স্থাপন হলে মানুষের ভোগান্তি কমবে।
