মতলব দক্ষিণে বিএনপির প্রার্থী শুক্কুর পাটোয়ারী

মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এমএ শুক্কুর পাটোয়ারীকে দলীয়ভাবে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক গোলাম সারওয়ার সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২০ সেপ্টেম্বর চাঁদপুর জেলা বিএনপি’র কার্যালয়ে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি’র নেতৃবৃন্দদেরকে নিয়ে মতবিনিময় করেন জেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. সলিম উল্ল্যাহ্ সেলিম। বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনির চৌধুরী, বাবুল, গোলাম মোস্তফা, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।
এছাড়া বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপি’র সভাপতি সোহেব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান। সভায় মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে বিএনপি’র একক প্রার্থী হিসেবে এম. এ শুক্কুর পাটোয়ারীকে চূড়ান্ত করা হয়।
এদিকে ২১ সেপ্টেম্বর বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থী এমএ শুক্কুর পাটোয়ারী। এসময় মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল উপস্থিত ছিলেন।
২৩ সেপ্টেম্বর, ২০২০।