ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

নারায়ন রবিদাস/রুহুল আমিন খান স্বপন
ফরিদগঞ্জে সিএনজি স্ক্রুটারটি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী মো. রহমত উল্ল্যা নামে এক ইলেকট্রিক মিস্ত্রির ঘটনাস্থলেই করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ইসলামপুর গ্রামে বেড়ি বাঁধের উপর এই দুর্ঘটনাটি ঘটে। স্থানাীয় জনতা দুর্ঘটনার পরপর সিএনজি স্ক্রুটারটি আটক করে তবে এসময় চালক পালিয়ে যায়।
রহমত উল্ল্যা ছাত্রলীগের কেন্দ্রিয় সংসদের সাবেক সহ-সভাপতি তাজুল ইসলামের বাবা ও চির্কা চাঁদপুর গ্রামের মৃত আলী আকবরের ছেলে। তিনি ফরিদগঞ্জ পল্লী বিদ্যুতের ভৌগলিক এলাকায় ওয়ারিংয়ের কাজে নিয়োজিত ছিলেন। তিনি সোমবার সকালে নিজ বাড়ি থেকে মোটর সাইকেলে ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ-এর আওতাধীন কামতা বাজার সাবজোনাল অফিসে গিয়েছিলেন। কাজ শেষে ফেরার পথে ঐস্থানে দুর্ঘটনায় পতিত হন। দুর্ঘটনায় পর দেখা গেছে তার মাথায় ব্যবহৃত হেলমেটটি ভেঙ্গে মাথার মগজ বের হয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।
ফরিদগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার ও সিএনজি স্ক্রুটারটি জব্দ করে থানায় নিয়ে আসে। এদিকে, রহমত উল্যার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা নিরাপদ সড়ক চাই শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
২৩ সেপ্টেম্বর, ২০২০।