চাঁদপুর পৌরসভার পুরো নির্বাচন’ই ঝুঁকিপূর্ণ

মেয়র প্রার্থী আক্তার মাঝির নির্বাচনী ইশতেহার ঘোষণা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বিপণীবাগ এলাকায় তাঁর নির্বাচনী কার্যালয়ে আক্তার হোসেন মাঝি ঐ ইশতেহার ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, চাঁদপুর পৌরসভা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বিরাজমান নেই। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা শত-শত মোটরসাইকেল নিয়ে মিছিল করছে। মতলবের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল সদর উপজেলা মিলনায়তনে চাঁদপুর পৌরসভাস্থ মতলববাসীর কাছে নৌকার ভোট চান ও সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা বিশাল গাড়ি বহর নিয়ে নৌকার ভোট প্রার্থনা করে। যা সম্পূর্ণ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন। আমি লিখিতভাবে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছি। তিনি কোন ব্যবস্থাগ্রহণ করেননি। তিনি বলেন, চাঁদপুর পৌরসভার পুরো নির্বাচনই ঝুঁকিপূর্ণ। তবে আমরা বিএনপির নেতাকর্মীসহ নির্বাচনের পুরো সময়ই মাঠে থাকবো।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান মো. শফিকুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন খান বাবুল, আলহাজ মো. মোশারফ হোসাইন, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম বাবু, অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চুসহ আরো অনেকে।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহ, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, দৈনিক মতলবের আলোর প্রধান সম্পাদক কেএম মাসুদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়েরসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
৬ অক্টোবর, ২০২০।