মোহাম্মদ হাবীব উল্যাহ্
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে হাজীগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সারাদেশে একযোগে একই সময়ে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে এই বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ‘নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’ এই শ্লোগানে হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলার ১৬টি স্থানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
১২টি ইউনিয়ন ও পৌরসভার ৪টিসহ মোট ১৬টি সমাবেশে প্রায় ১০ সহস্রাধিক মানুষ ধর্ষণ ও নারী নির্যাতনসহ সব ধরনের সামাজিক অপরাধ নির্মূলে পুলিশের পাশে থেকে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করে। স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরদের সভাপতিত্বে এদিন একযোগে এবং একই সময়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পুলিশ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করে।
বেশ কয়েকটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, নারী ধর্ষণ ও নির্যাতনসহ সামাজিক অপরাধ বন্ধ করতে হলে গণসচেতনতার সৃষ্টি করতে হবে। আর এই সচেতনতা আমাদের নিজ নিজ পরিবার থেকেই শুরু করতে হবে। মেয়েদের পৃথক দৃষ্টিতে নয়, একজন অভিভাবক হিসেবে ছেলে ও মেয়ের প্রতি সমান গুরুত্ব দিতে হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনার সন্তান কোথায় যায়, কার সাথে চলাফেরা করে, কোন অপ-সংস্কৃতির সাথে জড়িত হচ্ছে কিনা এবং ল্যাপটপ, ডেস্কটপ ও স্মার্টফোনের অপব্যবহার করছে কিনা..? তা নিয়মিত নজরদারীরে রাখতে হবে এবং অতিশাসন না করে, সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। আমাদের যার যার ধর্মীয় মূল্যোবোধ অনুযায়ী নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।
সমাবেশে নারী নির্যাতন ও ধর্ষণের সঙ্গে জড়িতদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষণা দিয়ে নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা বজায় রেখে চলার জন্য সর্বস্তরের মানুষকে আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা। যে কোনো সমস্যা বা বিপদ কিংবা আইন শৃঙ্খলা অবনতির আশংকা দেখা দিলে, তা পুলিশকে তাৎক্ষণিক জানানোর জন্য সমাবেশে অনুরোধ জানানো হয়। তথ্যদাতার নাম গোপন রাখা হবে বলে, নিশ্চিত করেন পুলিশ কর্মকর্তারা।
এ দিন সকালে হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মুরাদ হোসেন মিরন কাজীর সভাপতিত্বে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে ৩নং (পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ড) বিট পুলিশিং অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিট পুলিশিংয়ের সভাপতি রোটা. আহসান হাবিব অরুন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর এমরান হোসেন মুন্সী, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী কাজী মনির হোসেন।
মনির হোসেন ভূঁইয়ার পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড বিট পুলিশিংয়ের সভাপতি কাজী সেলিম, ৮নং ওয়ার্ডের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ ভোকেশনাল শাখার সমন্বয়কারী জহিরুল ইসলাম মজুমদার, আমরা মানুষের জন্য সংগঠনের সভাপতি মহিন উদ্দিন মাইনু মিয়াজী, সাধারণ সম্পাদক তারিুকুল ইসলাম রানা, হিউম্যান হ্যাল্প ফাউন্ডেশন ও গণপাঠাগারের সভাপতি সাইফুল ইসলাম মিয়াজী, শিক্ষার্থী নাসরিন আক্তার ও সাথি আক্তার প্রমুখ।
১৮ অক্টোবর, ২০২০।
