হাজীগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আহত কিশোরের মৃত্যু

মোহাম্মদ হাবীব উল্যাহ
হাজীগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আহত ফাহিম মুনতাসীর শামীম (১৫) নামের এক কিশোর মারা গেছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এদিন দুপুরে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত ফাহিম মুনতাসীর শামীম হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের জাকির হোসেন মিন্টুর ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
গত ১ জানুয়ারি সন্ধ্যায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ কেন্দ্রিয় বাস টার্মিনাল মসজিদ এলাকায় বেপরোয়া ও দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় ফাহিম মুনতাসীর শামীম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে। পরে ৪দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান ফাহিম মুনতাসীর শামীম। এদিকে ওইদিন দুর্ঘটনাস্থলে মোটরসাইকেল রেখে চালক পালিয়ে যায়। আজ পর্যন্ত তার কোন খোঁজ-খবর নেই।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় বাড়ির সামনে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ সংলগ্ন এলাকায় ঝালমুড়ি খেয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় বেপরোয়া মোটর সাইকেলে দুর্ঘটনার শিকার হয় ফাহিম মুনতাসীর শামীম। এতে সে গুরুতর আহত হয়।
অবশেষে চারদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা যায়। এদিন মঙ্গলবার ফাহিমের মরদেহ মকিমাবাদ নিজ বাড়িতে পৌঁছালে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় চালককে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তার সহপাঠীরা।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি জানান, বিয়ষটি আমাদের কেউ জানায়নি। ঘটনা শুনেছি আমরা খবর নিচ্ছি আর নিহতের পরিবার মামলা করলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করবো।
৬ জানুয়ারি, ২০২১।