চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

 

এক সপ্তাহের মধ্যে শিক্ষকদের করোনা ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে হবে
………..জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

মো. সেন্টু
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে চাঁদপুরে এ ভাইরাস যেন না ছড়াতে পারে সেদিকে আরো বেশি সতর্ক থাকতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার নিশ্চিত ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং করোনা আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আগামি এক সপ্তাহের মধ্যে সব শিক্ষকদের করোনার ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে হবে। একজনও যেন টিকা ছাড়া না থাকে সেদিকে মনিটরিং করতে হবে। ভ্যাকসিন নিয়ে আতঙ্কের কোন বিষয় নেই। করোনা ভ্যাকসিনের ১ম ডোজ নিলেই নিরাপদ থাকা যায় না, ২য় ডোজ নিলে শরীরের কার্যকারিতা বৃদ্ধি করে। এ ব্যাপারে জনমনে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
রোববার (২১ মার্চ) সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, গ্রাম আদালতের দিকে আরো বেশি নজর রাখতে হবে। গ্রাম আদালতের অধীনে গ্রামের মামলাগুলো নিষ্পত্তি হলে গ্রামের জনসাধারণদের কষ্ট করে আর শহরের দিকে আসতে হবে না। ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন মহাসড়কে না চলার ব্যাপারে আইন রয়েছে। যদি মহাসড়কে এ ধরনের যান চলাচল করে তাহলে আইনগত ব্যবস্থাগ্রহণ করতে হবে। সামনে বর্ষা মৌসুম আসছে, তাই বাঁধ রক্ষায় সব ব্যবস্থা আগে থেকেই গ্রহণ করতে হবে। পুরাণবাজারের হরিসভার কাছে বাঁধের দিকে নজর রাখতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিষয়টি গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে।
জেলা প্রশাসক জাটকা রক্ষা নিয়ে বলেন, ইলিশ আমাদের জাতীয় সস্পদ। এ সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ এ সুনামটি যেন অক্ষুণ্ন থাকে, সে অনুযায়ী কাজ করে যেতে হবে। জেলেদের নতুন হালনাগাদ তালিকা না হওয়ায় আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করা খুবই প্রয়োজন। অভিযান চলাকালীন সময়ে মানে যেসময় নদীতে মাছ ধরতে দেয়া হবে না, ওইসময় জেলেদের এমন কিছু দিতে হবে যা দিয়ে তারা বিকল্প কর্ম করতে পারে। তাদের যদি সেলাই মেশিন জাতীয় কিছু দেয়া হয়, সেটা দিয়ে কি তারা কাজ করতে পারবে?
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।
এসময় বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২২ মার্চ, ২০২১।