চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে নিম্নমানের সেমাই

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের সেমাই কারখানায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সেমাই তৈরী করে আসছে। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ স্থানীয়দের। প্রশাসন তাদের বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা নিলেও কোনভাবেই তাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা বলছেন, এ ধরনের খাদ্য গ্রহণে নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী ব্যবসায়িক কেন্দ্র পুরাণবাজার ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বহু বছর আগ থেকেই বেকারী ব্যবসায়ীরা দুই ঈদ উপলক্ষে সেমাই উৎপাদন করেন। কিন্তু তাদের এসব সেমাই উৎপাদনে বিএসটিআইসহ খাদ্যের গুণগত মান যাচাই ছাড়াই এখন প্রতিযোগিতামূলকভাবে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ব্যস্ত সময় পাড় করছে। কারখানাগুলোতে উৎপাদন কাজে ব্যবহৃত ময়দা, চিনি, ডালডা, ভোজ্য তেল, এরারুট ও লবণ ইত্যাদি খুবই নিম্নমানের। বিক্রির জন্য প্রস্তুত করা সেমাইগুলোর অধিকাংশ নোংড়া ও পোকা-মাকড় পড়ে থাকে।
গতকাল সোমবার দুপুরে সরেজমিন শহরের পুরাণবাজার রয়েজ রোড পাঁচতারা, নিতাইগঞ্জ রোডের আলম বেকারী, ভূঁইয়ার ঘাটে এলাকায় প্রাইম ফুড প্রোডাক্ট, মৈশাদী হারুন বেকারীসহ বেশ কয়েকটি সেমাই কারখানার শ্রমিকরা কোন ধরনের স্বাস্থ্যবিধি না মেনে দিন ও রাতে কাজ করে যাচ্ছেন। শ্রমিকদের হাতে গ্লাভস্, মুখে মাস্ক ও পায়ে প্লাস্টিক গামবুট থাকার কথা থাকলেও কারো কোন কিছুই নেই। অধিকাংশ কারখানায় শ্রমিকদের একসাথে জড়ো হয়ে উৎপাদন কাজ করতে হচ্ছে। আর এসব উৎপাদিত সেমাই চাঁদপুর জেলাসহ আশপাশের জেলাগুলোতে মার্কেটে বাজারজাত করা হচ্ছে। নোংড়া পরিবেশের বিষয়ে কারখানার মালিক ও শ্রমিক কথা বলতে নারাজ।
বাস্তবে সেমাই কারখানাগুলোতে অস্থাস্থ্যকর ও নোংড়া পরিবেশ থাকলে তা স্বীকার করছে না মালিক পক্ষ। পুরাণবাজারের কারখানার শ্রমিক সেলিম, মাসুদ ও বিল্লাল বলেন, তারা সারাদিন কাজ করার পরে কারখানাগুলো পরিস্কার করে রাখেন। লকডাউনের কারণে আগের চাইতে এখন সেমাইর চাহিদা কমে আসছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাইসহ যে কোন খাদ্য উৎপাদন হয় বলে অভিযোগ রয়েছে। এসব কারখানায় যদি পোড়া তেলসহ নিম্নমানের উৎপাদন সামগ্রী ব্যবহার করা হলে যেগুলো খেলে গ্যাস্টিক, আলসার, আমাশয়, পাতলা পায়খানাসহ ক্যান্সারও হতে পারে। তাই এ ধরনের খাদ্য বর্জন করাই উত্তম।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী হচ্ছে- এমন তথ্য আমার কাছে নেই। তবে অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০ এপ্রিল, ২০২১।