চাঁদপুরে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা

লকডাউন বড়লো ২৮ এপ্রিল পর্যন্ত

ইলশেপাড় রিপোর্ট
দেশে চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা আগামি ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ক্রমান্বয়ে সংক্রমণের ঊর্ধ্বগতিতে মানুষকে সংক্রমণ থেকে দূরে রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এদিকে গতকাল সারা দেশে করোনাভাইরাসে একদিনে আরও ১শ’ ১২ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা। এর আগে ১৮ এপ্রিল সর্বোচ্চ ১শ’ ২ জনের মৃত্যু হয়।
এদিকে গত তিনদিনের মৃত্যুর হার বিবেচনা করলে দেখা যাচ্ছে- দেশে প্রতি ১৪ মিনিটে গড়ে একজন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। গত তিনদিন মৃত্যুর সংখ্যা পাড় করেছে একশ’ করে। পরিসংখ্যান বলছে, চলতি এপ্রিলেই ১৯ মিনিটে গড়ে একজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। গত ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়েছিলো। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়েছিলো।
এদিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা আইসোলেন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ জন করোনায় আক্রান্ত রোগী, ১ জন করোনা নেগেটিভ রোগী ও ৪ জনের করোনার উপসর্গ ছিল। মৃতদের মধ্যে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৫ জন ও রোববার ১ জন রোগী মারা যায়।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। যা আগামি ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকার কথা ছিল। এর আগেই লকডাউনের মেয়াদ বাড়ানোর বিষয়ে গতকাল সোমবার বেলা ১১টায় মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় ভার্চুয়াল সভায় আরও এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউন’ আরোপের সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
সভায় কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর সুপারিশ করেছে। সাইন্টিফিক্যালিতো ১৪ বা ১৫ দিন লকডাউন না হলে সংক্রমণের চেইনটা পুরোপুরি ভাঙা সম্ভব হয় না। সে প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয় আগামি ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আগের শর্ত মেনে লকডাউন অব্যাহত থাকবে।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরও এক সপ্তাহ ‘সর্বাত্মক লকডাউন’ বাড়ানোর চিন্তা-ভাবনা করছে। তিনি বলেন, ‘জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা-ভাবনা করছে।’
লকডাউন ঘোষণা করে গত ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। নির্দেশনা অনুযায়ী, লকডাউনের ৮ দিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে গণপরিবহন। তবে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান-সংস্থা খোলা রয়েছে। খোলা রয়েছে শিল্প-কারখানা। সীমিত পরিসরে দেয়া হচ্ছে ব্যাংকিং সেবা।
এসময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। খোলা স্থানে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদি কেনা-বেচা করা যাবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

২০ এপ্রিল, ২০২১।