স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জের সুবিদপুরে বিল্লালের দোকানটি আগুনে পুড়ে যাওয়ায় উপজেলার কৃতী সন্তান জালাল আহমেদ সিআইপি তাকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। বিল্লালের দোকান পুড়ে যাওয়ার সংবাদটি দৈনিক ইল্শেপড়ে গত ১৯ এপ্রিল ছবিসহ প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসে জালাল আহমেদ সিআইপি ও তার ছোট ভাই শাহাবুদ্দিন শাবুর।
গত ২৩ এপ্রিল আলহাজ জালাল আহমেদের ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন শাবুর মাধ্যমে বিল্লাল হোসেনের হাতে ৫০ হাজার টাকা অনুদান তুলে দেন।
জানা যায়, গত ১৮ এপ্রিল রাত আনুমানিক ১২টার সময় দক্ষিণ সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা সংলগ্ন নওশার বাড়িতে বিল্লালের একমাত্র চায়ের দোকান অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে বিল্লালের দোকানের একটি ফ্রিজসহ দোকানের সব আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এতে তিনি একেবারে অসহায় হয়ে পড়েন। পরে ঐ ঘটনা শুনে কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জালাল আহমেদ সিআইপি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
বিল্লাল হোসেন বলেন, এই অসহাত্বের সময় আলহাজ জালাল আহমেদ সিআইপি আমাকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করে মহানুভতার পরিচয় দিলেন। আল্লাহ পাক যেনো সুস্থতা ও নেক হায়াত দান করে মানবতার কল্যাণে কবুল করেন।
২৫ এপ্রিল, ২০২১।
