স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ট্রেনের ধাক্কায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ২ জন নিহত হয়েছেন। এর মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসান রুবেল (২৮) চাঁদপুর শহরের চাঁদপুরের ওয়ারলেস মুন্সিবাড়ি এলাকায় দুপুরের দিকে নিহত হন। তিনি চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অপর ঘটনাটি ঘটে হাজীগঞ্জের এনায়েতপুর এলাকায়। গত শুক্রবার বিকেলে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান জহির কাজী (৫০) নামের প্রতিবন্ধী এক ব্যক্তি।
জানা যায়, শনিবার (২৯ মে) দুপুরে চাঁদপুর শহরের ওয়ারলেস মুন্সিবাড়ি নামক (গেটম্যানবিহীন রেলক্রসিং) এলাকায় চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের সাথে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ এখানে কোন রেলক্রসিং না থাকায় মোটরসাইকেল আরোহী ট্রেন না দেখে রেলপথে উঠলে এ দুর্ঘটনাটি ঘটে। ইতোপূর্বেও এখানে অনেকবার অনেকে দুর্ঘটনার শিকার হয়েছে বলেও এলাকাবাসী ও রেলওয়ে থানার রেকর্ড থেকে জানা গেছে।
এ ঘটনায় প্রত্যাক্ষদর্শী রুবেলের সহপাঠী মো. রাজন খান জানান, ওয়ারলেস থেকে রুবেল শেখেরহাট যাওয়ার পথে ওয়ারলেস মুন্সিবাড়ি এলাকার রেলক্রসিং অতিক্রম করার সময় কাছে চলে আসা সাগরিকা ট্রেনের সাথে রুবেলকে বহনকারী মোটরসাইকেলটির ধাক্কা লাগে। ওই সময় তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। আমরা তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি। কিন্তু কিছুক্ষণের মধ্যে রুবেল মারা যায়।
চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ উল্লাহ্ বাহার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসা হয়। পরে চাঁদপুর পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল ও নিহতের আত্মীয়-স্বজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া নিয়ে যায়। এ ব্যাপারে রেলওয়ে থেকে মেমো দেয়া হলে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
অপরদিকে, হাজীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান জহির কাজী (৫০) নামের প্রতিবন্ধী এক ব্যক্তি। তার লাশ ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে তার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জের এনায়েতপুর এলাকায়। চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহির কাজী হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের এনায়েতপুর কাজী বাড়ির মৃত ফয়েজ কাজীর ছেলে।
স্থানীয়রা জানান, সাগরিকা এক্সপ্রেস চাঁদপুর থেকে লাকসাম হয়ে চট্টগ্রাম যাওয়ার পথে ঐ স্থান অতিক্রমকালে জহির কাজী ট্রেনের সাথে ধাক্কা লেগে রেললাইনের পাশে ছিটকে গিয়ে ঝোপের মধ্যে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর সাড়ে তিনটায় এনায়েতপুর-শৈলখালী রেলব্রিজ সংলগ্ন এলাকায় চাঁদপুর থেকে লাকসাম হয়ে চট্টগ্রামগামী ট্রেন সাগরিকার ধাক্কায় জহির কাজী ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন নিহতের মরদেহ বাড়িতে নিয়ে আসে।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাঁদপুর রেলওয়ে পুলিশকে (জিআরপি) খবর দেয়। এ বিষয়ে পৌরসভার স্থানীয় কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র-২ আজাদ মজুমদার জানান, নিহত জহির কাজী একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি কানেও কম শুনতেন।
ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার। তিনি জানান, ঘটনাস্থলে একজন উপ-পরির্শকসহ ফোর্স পাঠানো হয়। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে ময়নাতদন্তের পর লাশ তার আত্মীয়-স্বজনকে দিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
৩০ মে, ২০২১।
