মতলব দক্ষিণে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাহফুজ মল্লিক
মতলব সরকারি কলেজ ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) দুপুর ১২টায় ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিন রুহুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া ও উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার, উপজেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান রেজাউল করিম, এমএ আজিজ বাবুল, মোফাজ্জাল হোসেন প্রমুখ।
উপজেলা প্রকৌশলী বলেন, স্মৃতি জাদুঘরের ভবন নির্মাণের লক্ষ্যে গত মার্চে টেন্ডার আহ্বান করা হয়। ‘মেসার্স এস ইসলাম ট্রেডার্স’ নামের স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্মাণ কাজটির দায়িত্ব দেওয়া হয়েছে। গত ১৫ মার্চ ওই ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। ৬০ ফুট লম্বা ও ৩৪ ফুট চওড়া ওই একতলা ভবন নির্মাণে ব্যয় হবে ৬৩ লাখের বেশি টাকা। জাদুঘরটি নির্মাণের ফলে এই এলাকার মানুষ মুক্তিযুদ্ধের অনেক জানা ও অজানা তথ্য সম্পর্কে অবগত হতে পারবেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের (এলজিআরডি) উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর নির্মিত হচ্ছে।

০২ জুন, ২০২১।