হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, আশংকাজনক স্ত্রী

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. ছিদ্দিকুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলে নিহত এবং তার স্ত্রী সালেহা বেগম (৫৮) ও নাতি মেহেদি হাছান (২০) গুরুত আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১ জুন) দুপুরে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের ছিলাচোঁ গ্রামের নেয়াজউদ্দিন মিজি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত সালেহা বেগমকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সোয়েব আহমেদ চিশতী।
এদিকে গুরুতর আহত সালেহা বেগমের শরীরের অনেকাংশ পুড়ে যাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে নেওয়া হয়েছে বলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সূত্রে জানা গেছে। এ ঘটনায় নিহতের আত্মীয়-স্বজনসহ ওই বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া জানান, এদিন দুপুরে নেয়াজ উদ্দিন মিজি বাড়িতে পাশাপাশি ২টি বিল্ডিংয়ের মাঝে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ছিদ্দিকুর রহমান ঘটনাস্থলে মারা যায়। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী সালেহা বেগম ও নাতি মেহেদি হাছান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে পরিবার ও বাড়ির লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত সালেহা বেগমকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কুমিল্লায় তার অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায় সালেহা বেগমকে।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই মো. জয়নাল আবেদীন-২ পাঠানো হয়েছে। বিষয়টি প্রাথমিক তদন্তপূর্বক এবং বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছিদ্দিকুর রহমানের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

০২ জুন, ২০২১।