এস এম সোহেল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালক/বালিকা) ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১ জুন) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় ফুটবল টুর্নামেন্টের (বালক/বালিকা) দু’টি গ্রুপে মোট ১৮টি দল অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি সময় ছিলো যখন বিভিন্ন খেলাধুলা কমে গিয়েছিলো, তখন যুব সমাজ নানা দিকে চলে গেছে। সেজন্যে আমরা মনে করি আমাদের যুব সমাজকে, নতুন প্রজন্মকে সঠিক পথে রাখতে, শারীরিক-মানসিকভাবে সুস্থ রাখতে, তাদের প্রতিভাকে পরিপূর্ণ বিকাশের জন্যে খেলাধুলা অনেক গুরুত্বপূর্ণ। এ ধরনের টুর্নামেন্টগুলো আমাদের সেসব সুযোগ করে দিয়েছে।
তিনি আরো বলেন, আমরা অত্যন্ত ক্রীড়াবান্ধব, ক্রীড়ামোদী ব্যক্তিত্ব হিসেবে একজন রাষ্ট্রনায়ক পেয়েছি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা একজন ক্রীড়ামোদী মানুষ। তাঁর পুরো পরিবারই ছিলো ক্রীড়ামোদী পরিবার। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালো একজন ক্রীড়া সংগঠক ছিলেন। ক্রীড়ার দিকে এগিয়ে যাওয়াটাই স্বাভাবিক এবং আমরা এগিয়ে যাচ্ছি।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি মো. ইকবাল হোসেন পাটওয়ারী ও ফুটবল উপ-কমিটির সাধারণ সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইমতিয়াজ হোসেন, এনএসআই’র উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা আনসার কমান্ড্যান্ট ইব্রাহিম খলিল, জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, পৌরসভার প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ উদ্দিন হাওলাদার, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরনবী নোমানসহ আরো অনেকে।
উদ্বোধনী পর্বের নকআউট খেলায় নির্দিষ্ট সময়ে শাহরাস্তি উপজেলা দল (বালিকা) না আসায় ফরিদগঞ্জ উপজেলা দল (বালিকা) জয়লাভ করে। ২য় খেলায় শাহরাস্তি উপজেলা বালক দলকে হারিয়ে ফরিদগঞ্জ উপজেলা বালক দল জয়লাভ করে।
দিনের ৩য় ও ৪র্থ খেলায় মতলব উত্তর উপজেলা (বালক/বালিকা) দলকে হারিয়ে চাঁদপুর পৌরসভা (বালক/বালিকা) দল জয়লাভ করে।
অংশগ্রহণকারী (বালক/বালিকা) দলগুলো হলোঃ চাঁদপুর সদর উপজেলা, চাঁদপুর পৌরসভা, ফরিদগঞ্জ উপজেলা, মতলব উত্তর উপজেলা, মতলব দক্ষিণ উপজেলা, শাহরাস্তি উপজেলা, হাজীগঞ্জ উপজেলা ও কচুয়া উপজেলা।
আগামি ৪ জুন এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
০২ জুন, ২০২১।
