মাহফুজ মল্লিক
মতলব বাজারের ফুটপাত দখলমুক্ত করলেন পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন। বাজারের ফলপট্টি, কাঁচা বাজার, মসজিদ মার্কেট ও রথ বাজার এলাকায় অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে রাখা স্থাপনা উচ্ছেদ করেন মতলব পৌর কর্তৃপক্ষ। শনিবার (৫ জুন) সকাল থেকে পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন উপস্থিত থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসব স্থাপনা উচ্ছেদ করায় বাজারের ব্যবসায়ী, সুধীজন ও সর্বসাধারণ।
সরেজমিনে দেখা গেছে, সড়কের দু’পাশ প্রায় ৫/৬ ফুট প্রশস্ত ফুটপাত অবৈধ দখলে। এমনকি মূল রাস্তায়ও দোকানপাট বসেছে। ফুটপাত দিয়ে পথচারীরা হাটতে পারছে না। এতে ভোগান্তিতে পড়েছে স্থায়ী ব্যবসায়ীসহ বাজারে আসা জনসাধারণ।
দেখা গেছে, সদর বাজারের ফলপট্টি, কাঁচা বাজার সড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। এছাড়া রথ বাজার এলাকায় ফুটপাতের ড্রেন ও রাস্তার কিছু অংশ দখল করে ফল, সব্জি, গার্মেন্টসসহ নানাবিধ দোকানপাট স্থায়ীভাবে বসছে। এতে অবৈধ দোকানপাটের সারির কারণে লোকজন হাটতে পারছে না। অন্যদিকে প্রয়োজনী ক্রেতা ও স্থায়ী ব্যবসায়ীরা মালামাল উঠানামার জন্য যানবাহন ব্যবহার করতে পারছে না।
বাজারের ব্যবসায়ী ও একাধিক ক্রেতা জানান, পৌরবাসীর কল্যাণে মেয়রের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানাই। তবে সাময়িক উচ্ছেদ করলেও একটি মহলের শেল্টারে কিছুদিন পর আবারও ফুটপাত ও রাস্তা দখল হয়ে যায়। ফলে জনসাধারণের চলাচল আগের মতোই বিঘ্ন ঘটে। তাই প্রতি মাসে অন্তত একবার এ অভিযান তদারকি করার জন্য মেয়রের হস্তক্ষেপ চান।
মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল সরকার বলেন, মেয়রের এ অভিযানকে সাধুবাদ জানাই। এতে বাজারের ব্যবসায়ী ও জনসাধারণের যাতায়াতের সুবিধা হবে। তবে যারা ফুটপাতে ব্যবসা করতো তাদের মেয়রের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
ফুটপাত দখলমুক্ত করার সময় মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান আনু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু সাহা, প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুজ্জামান, কর আদায়কারী মাহমুদুল হাসান জুয়েল, মতলব থানার এসআই হাবিবুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মতলব পৌরসভার মেয়র আলহাজ আওলাদ হোসেন লিটন বলেন, আমাদের ও বাজারের ইজারাদারের শর্তের বাইরে অবৈধভাবে যারা ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করছিল, জনসাধারণ ও যানবাহন চলাচলের সুবিধার্থে অবেধ স্থাপনা তুলে দেয়া হলো। বাজারের প্রত্যেকটি ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভা কাজ করছে।
০৬ জুন, ২০২১।
