উন্নয়নে সাফল্য ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার অঙ্গীকারে
ইলশেপাড় রিপোর্ট
চাঁদপুরে সরকারের উন্নয়ন ও দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাংগঠনিক বর্ধিত সভা আজ রোববার (৩ অক্টোবর) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
দলটির এই বর্ধিত সভাকে কেন্দ্র করে জেলাময় দলীয় নেতা-কর্মীদের মাঝে প্রাণচঞ্চলতা দেখা যাচ্ছে। পাশাপাশি বর্ধিত সভার মধ্যে দিয়ে আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের চূড়ান্ত দিনক্ষণ স্পষ্ট হতে পারে বলেও জানা গেছে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগ আজকের বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি এবং বিশেষ সম্মানিত বক্তা হিসেবে পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলমকে আমন্ত্রণ জানিয়েছে।
সভায় প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এবং বিশেষ বক্তা হিসেবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নজিবুল্লাহ হিরু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, মুহম্মদ শফিকুর রহমান এমপি, অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার উপস্থিতিকে নিশ্চিত করছে।
চাঁদপুরে এই বর্ধিত সভাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা জানিয়েছেন, গত দেড় যুগের সরকারের টানা সাফল্য ও চাঁদপুরের দৃশ্যমান উন্নায়নের চিত্রগুলোকে সর্বসাধারণের দৃষ্টিতে আনতে চূড়ান্ত বার্তা থাকবে। পাশাপাশি আগামি দিনে চাঁদপুরের উন্নয়নে সরকারের গৃহিত পদক্ষেপগুলো তুলে ধরা হবে।
এছাড়া মুক্তিযুদ্ধের শক্তির ঐক্যবদ্ধতা ও স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধসহ চাঁদপুর জেলা আওয়ামী লীগ সরকারকে সার্বিক সহযোগিতার বিষয়গুলো দলীয় নেতাকর্মীদের সামনে তুলে ধরবেন। যাতে আগামি দিনে দলকে আরো শক্তিশালী করে দেশে উন্নয়নের ধরাবাহিকতা রক্ষা করা যায়।
তবে দলটির বেশকিছু নেতা ও কর্মী জানিয়েছেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাংগঠনিকভাবে জেলা সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের নেতৃত্বে বর্তমানে শক্তিশালী অবস্থানে আছে। যার প্রমাণ গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ঐক্যর কারণে এ জেলার ৫টি সংসদীয় আসন দলীয় সভানেত্রীকে উপহার দিয়ে পুনরায় সরকার গঠন করতে সহায়তা করা সম্ভব হয়েছে।
বিপরীতে দলে দীর্ঘ সময় শ্রম ও ত্যাগ শিকার করে অবমূল্যায়নের শিকার হওয়া কয়েকজন নেতারা ইঙ্গিত করেছেন, এই বর্ধিত সভায় দলটির দীর্ঘদিনের ক্ষোভের প্রকাশ হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য তারা বলছেন, ২০১৬ সালের জানুয়ারি মাসে দলটির ত্রি-বার্ষিক সম্মেলন শুরুর আগে বিভিন্ন স্থান অন্তত পাঁচটি স্থানে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে ছিলো।
এছাড়া ঐ সম্মেলন শেষে চাঁদপুর স্টেডিয়ামে চেয়ার ভাঙচুর ও ককটেল ফাটানো হয়েছিলো। পরে কেন্দ্রিয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ঐ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম।
তবে এবারের বর্ধিত সভায় হয়তো দলের কোন কোন নেতাকর্মী তাদের চাওয়া-পাওয়া ও না পাওয়ার বেদনার কথা তুলে ধরবেন। তবে আগের মতো পারস্পরিক বিরোধগুলো সভায় প্রকাশিত হবে না বলে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এখন দলীয় বিভেদের সময় নয়, স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবেলা করে জননেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। এজন্য সাবাই এবারের বর্ধিত সভায় সতর্কতার সাথে সাংগঠনিক শৃঙ্খলা প্রদর্শন করার প্রত্যয় নিয়েছেন।
দলটির নেতাদের সূত্রে আরো জানা গেছে, ইতোমধ্যে চাঁদপুরের উন্নয়নের রুপকার ও সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির একান্ত প্রচেষ্টায় চাঁদপুর-হাইমচর নদী রক্ষা বাঁধ, বিদ্যুৎ প্লান্ট স্থাপন, চাঁদপুর মেডিকেল কলেজ স্থাপন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ সব অবকাঠামোগত উন্নয়নের চিত্র জেলাবাসীর দৃষ্টিতে আনাসহ দলকে শক্তিশালী করার প্রত্যয়ের এই বর্ধিত সভা।
এছাড়া সভায় কেন্দ্রিয় যুগ্ম-সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি প্রধানমন্ত্রীর বার্তা চাঁদপুর জেলার দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দিবেন। ফলে দলের সভানেত্রী ও জননেত্রী শেখ হাসিনার কাছে চাঁদপুরে আওয়ামী লীগের সাংগঠনিক ঐক্যের বার্তাও দিতে চায় মাহবুবউল আলম হানিফ এমপির মাধ্যমে।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ জানুয়ারি মাসে দলটির ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো. নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে আবু নঈম পাটওয়ারী দুলাল দায়িত্ব পান। এই দুই নেতা দায়িত্ব নেয়ার ২২ মাস পর চাঁদপুর জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রিয় আওয়ামী লীগ।
৩ অক্টোবর, ২০২১।
