মতলব দক্ষিণে উপজেলা ও পৌর ছাত্রলীগের আনন্দ মিছিল

মাহফুজ মল্লিক
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজী ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর ছাত্রলীগ। মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন প্রক্রিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শনিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা ও পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিশাল আনন্দ মিছিল বের করে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মতলব সরকারি ডিগ্রি কলেজ গেটে গিয়ে সমাপ্ত হয়।
প্রথমে মতলব পৌর ছাত্রলীগের মিছিলটি মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এছাড়া মধ্য কলাদী হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে উপজেলা ছাত্রলীগের মিছিলটি বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে একত্রিত হয়। পরে উপজেলা ও পৌর ছাত্রলীগের শত শত নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে আনন্দ মিছিল করেন। উপজেলা ছাত্রলীগের মিছিলের নেতৃত্ব দেন খালিকুজ্জামান সাব্বির, পাবেল আহমেদ, আবু সুফিয়ান এবং পৌর ছাত্রলীগের মিছিলের নেতৃত্ব দেন নূর মোহাম্মদ তামিম, দেওয়ান মো. কাউসার।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপজেলা ও পৌর ছাত্রলীগ নেতারা বলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল ভাইয়ের পরামর্শক্রমে জেলা ছাত্রলীগের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলটি করা হয়।

২৩ জানুয়ারি, ২০২২।