মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘আসুন শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই’ এই শ্লোগানে হাজীগঞ্জে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। গত শুক্রবার বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে সাড়ে তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথির পুলিশ সুপার মো. মিলন মাহমুদ জানান, পুলিশ শুধু আইন-শৃঙ্খলার দায়িত্বই পালন করে না। তারা সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে। সেই সুবাদে শীতার্ত মানুষের জন্য পুলিশের ক্ষুদ্র এই প্রচেষ্টা।
তিনি বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। ইতোমধ্যে সরকার বিধি-নিষেধ আরোপ করেছে। এই বিধি-নিষেধ বাস্তবায়নে পুলিশ কাজ করবে এবং সামাজিক দ্বায়বদ্ধতার অংশ হিসেবে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হবে। সবাইকে স্বাস্থবিধি মেনে চলা এবং অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদের সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজীদ থেকে তেলাওয়াত করেন থানা মসজিদের ইমাম হাফেজ মো. মাহফুজুর রহমান।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদের উপস্থাপনায় জেলা পুলিশের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. জাহাঙ্গীর হোসেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, পুলিশ পরিদর্শক (ডিএসবি) মো. মনিরুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা।
এ সময় অতিথি হিসেবে হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর কাজী মনির হোসেন, হাজি কবির হোসেন কাজী, প্রেসক্লাবের সিনিয়র সদস্য গাজী সালাউদ্দিনসহ উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
২৩ জানুয়ারি, ২০২২।
