হাজীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদের্শনীর আয়োজন’ এই শ্লোগানে হাজীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই প্রাণিসম্পদ প্রদর্শন এবং বিকালে উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) নির্বাচনী এলাকার সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, সরকার দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিজ্ঞানভিক্তিক চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে খামারি ও কৃষকদের পাশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার খামারি ও কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, অনুদান ও বিভিন্ন আধুনিক উপকরণ প্রদান এবং সুদমুক্ত ও সরল সুদে ঋণ বিতরণ করে আসছে। সরকারের এই দূরদর্শী কার্যক্রমে ইতোমধ্যে প্রাণিসম্পদ ও কৃষি ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন। এদিন বিকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলীর সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সাদেকুজ্জামান রাকিবের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, খামারিদের পক্ষে ডেইরি এসোসিয়েশন থেকে রিয়াদ হাসান, পোল্ট্রি এসোসিয়েশনের পক্ষে নাছির মজুমদার প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন মো. সালেহ আহমেদ ও গীতা পাঠ করেন তপন চন্দ্র পাল।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, হাজীগঞ্জ এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আয়োজনে তিন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৯ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ১ জন সহ মোট ১০জন খামারির মাঝে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কারের সম্মানী (চেক) বিতরণ করা হয়।
এছাড়া প্রদর্শনীতে অংশগ্রহণকৃত সব খামারিদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ, সরকারি কর্মকর্তা, উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা খামারি, কৃষক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

১৭ ফেব্রুয়ারি, ২০২২।