চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আইসিইউ উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে আইসিইউ বেড উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। গত শুক্রবার দুপুর ১২টায় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দ্রব্যমূল্য বাড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করতে চাচ্ছে একটি চক্র। দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সরকারের সে ব্যাপারে পূর্ণ প্রচেষ্টা রয়েছে। তারপরও কোথাও কোথাও কিছু অসাধু লোকের অপচেষ্টাও রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখার জন্য সরকারের অনেকগুলো মন্ত্রণালয় ও সংস্থা রয়েছে এবং কাজ করছে। তবে আমরা মনে করি সব পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে।
তিনি আরো বলেন, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সচেতন হতে হবে। আমাদের উপর নির্ভর করবে আমাদের সন্তানরা কতটা সুস্থভাবে তাদের পড়ালেখা চালিয়ে নিতে পারবে। তারা নিজেদের কতটা ভালোভাবে তৈরী করে গড়ে তুলতে পারবে সেটা নির্ভর করবে আমাদের বর্তমান আচরণের উপরে। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে করোনা ছড়াবে না। তাহলে আমাদের শিক্ষার্থীরা ভালভাবে ক্লাস করতে পারবে। এখন আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোন পরস্থিতি নেই। তারপরও আমরা একটি জাতীয় নীতি তৈরী করছি। যাতে করে যে কোন অতিমারি মুহূর্তে অনলাইন কিংবা অফলাইনে সারাদেশে পড়াশুনা অব্যাহত থাকে। এজন্য আমাদের একটি টাস্কফোর্স কাজ করছে।
মন্ত্রী আরো বলেন, আল্লাহর অশেষ রহমতে আমরা আজ চাঁদপুরে ৪ বেডের আইসিইউ উদ্বোধন করতে পারলাম। আর এজন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই। স্বাস্থ মন্ত্রণালয়ের মন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরসহ সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবার আন্তরিক সহযোগিতার কারণেই এটি সম্ভব হয়েছে। আর এক সময় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের অনেক দৈন্যদশা ছিল। আজ আমরা অনেকদূর এগিয়ে এসেছি। এখানে আরো কিছু উন্নয়ন করা দরকার। এজন্য আমরা কাজ করছি। এখানে শিশু স্বাস্থ্য রক্ষায় বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আরো কিছু উন্নয়ন করার পরিকল্পনা আছে। এ ক্ষেত্রেও আমি সবার সহযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. গোলাম কাওসার হিমেল ও ডা. সাজেদা পলিন, প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিনসহ আরো অনেকে।

২০ মার্চ, ২০২২।