কচুয়া ব্যুরো
কচুয়া প্রেসক্লাবের আয়োজনে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ ফেরুয়ারি) দুপুর ১টায় কচুয়া ডাকবাংলোর দক্ষিণ পাশে ঈগল বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, এ ধরনের মেলা আয়োজনের সাধারণত দুটি উদ্দেশ্য থাকে। প্রথমত এই এলাকায় যেসব পণ্যসমূহ উৎপাদিত হয় সেই পণ্য জনগণের সামনে তুলে ধরা এ মেলা আয়োজনের প্রধান উদ্দেশ্যে। সেক্ষেত্রে আমি মনে করি কচুয়ার উৎপাদন প্রক্রিয়া ও উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রসমূহ আপনারা জনগণের সামনে তুলে ধরতে মেলাকে সমর্থন করবেন। দ্বিতীয়ত এ এলাকায় যে পণ্য উৎপাদিত হয় সে পণ্য এবং আশেপাশের এলাকায় উৎপাদিত পণ্য যার সমাদর এই এলাকায় রয়েছে তা এখানে উপস্থাপিত করে এই পণ্যের বাজার প্রসারিত করা হয়। আমাদের মনে রাখতে হবে উৎপাদিত পণ্যের বাজার প্রসারিত না হলে পণ্যের উৎপাদন বাড়ে না। মানুষের সমৃদ্ধি প্রসারিত হয় না। সে ক্ষেত্রে এ ধরনের মেলা প্রসারিত করে ভবিষতে যাতে উৎপাদিত পণ্যের প্রসার ঘটাতে পারি সেলক্ষ্যে আপনারা সহযোগিতা করবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম খলিল, সাবেক ডেপুটি কমান্ডার জাবের মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল।
কচুয়া প্রেসক্লাবের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মো. আলমগীর তালুকদার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন।
এসময় কচুয়া প্রেসক্লাবের উপদেষ্টা, সব আজীবন সদস্য ও নির্বাহী কমিটি এবং সাধারণ পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
০২ ফেব্রুয়ারি, ২০২৩।
