গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত
মোহাম্মদ হাবীব উল্যাহ্
গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও ডিগ্রি কলেজের প্রভাষক তানিয়া সুলতানার (৩২) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের বামনিছোঁয়া গ্রামের খন্দকার বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত তানিয়া সুলতান বামনিছোঁয়া গ্রামের খন্দকার বাড়ির মাও. জামাল উদ্দিনের মেয়ে এবং দেশগাঁও ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকতা করতেন। এর আগে রোববার দুপুরে তিনি গাজীপুর জেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জানা গেছে, রোববার সকালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান শিক্ষক তানিয়া সুলতানাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে শিক্ষক তানিয়া সুলতানাকে চাপা দিয়ে ঘাতক কাভার্ডভ্যানটিকে সড়কের পাশে ফেলে রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে গাজীপুরের মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাভার্ডভ্যানটি জব্দ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কনকন কুমার বিশ^াস স্থানীয় সংবাদকর্মীদের জানান, লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া নিহতের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, পরবর্তীতে কার্ভাডভ্যান ও চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।
১৪ ফেব্রুয়ারি, ২০২৩।
