প্রজন্মেকে ক্রীড়ামুখী করে গড়ে তুলতে হবে
……পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
মতলব দক্ষিণ ব্যুরো
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করেই এই প্রজন্মের শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করে গড়ে তুলতে হবে। মেধা বিকশিত করতে হলে লেখাপড়ার পাশাপশি খেলাধুলার প্রতি মনোনিবেশ হতে হবে। এতে শরীর ও মন বড় হবে এবং শরীর সুস্থভাবে গড়ে উঠবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা আরো সমাজের প্রতি সহানুভূতিশীল থাকবে। তোমাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে উঠবে। সে কারণে খেলাধুলা অপরিহার্য। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুধু ক্রীড়া ক্ষেত্রেই নয়, সাংস্কৃতির ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে উন্নয়নের সব ক্ষেত্রে বিপুল অগ্রগতি অর্জন করেছে। তাই সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অব্যাহত রাখতে সবাইকে অব্যাহতভাবে কাজ করতে হবে।
তিনি বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মতলব দক্ষিণ উপজেলা সদরের নিউ হোস্টেল মাঠে উপজেলার ১৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত হোসেন প্রধান ও মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফারুক-বিন জামান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংস্থার কর্মকর্তা ফারুক আহমেদ বাদল।
পরে প্রধান অতিথি বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন উপজেলার বিভিন্ন স্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
২৩ ফেব্রুয়ারি, ২০২৩।
