উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ বিভিন্ন মহলের শোক
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের প্রবীণ রাজনীতিবীদ ও বিশিষ্ট ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা রোটা. মো. হারুন অর রশীদ মুন্সীর (৮০) দাফন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের রাষ্ট্রীয় সম্মান ও জানাযা শেষে তাঁকে রান্ধুনীমূড়া গ্রামের মুন্সীর বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামের মুন্সী বাড়ির আব্দুর রব মুন্সীর বড় ছেলে।
মৃত্যুকালে মো. হারুন অর রশীদ মুন্সী চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক পদে দায়িত্বরত ছিলেন। তিনি হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সভাপতি পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া রোটারী ক্লাব অব হাজীগঞ্জের সাবেক প্রেসিডেন্টসহ বহু সমাজসেবামূলক কাজের সাথে জড়িত ছিলেন। তিনি হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশীদ মুন্সী হৃদরোগ, কিডনী, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত সোমবার (৬ মার্চ) তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মরহুম মো. হারুন অর রশীদ মুন্সী মৃত্যুকালে স্ত্রী ও ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিকের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদর্শন করেন হাজীগঞ্জ থানার অফিসার মোহাম্মদ জোবাইর সৈয়দ।
এর আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আসম মাহবুব উল আলম লিপন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস খান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী খায়রুল আলম পারভেজ প্রমুখ।
এসময় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মির্জা গিয়াস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, দুলাল হোসেন, সাংঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, কেন্দ্রীয় পেশাজীবি সংগঠনের যুগ্ম আহবায়ক জহির রায়হান টিপু, পৌর জাতীয় পার্টির সভাপতি মোর্শেদ আলম, সাধারণ সম্পাদক মির্জা খলিলুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
০৯ মার্চ, ২০২৩।
