ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলায় ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ঐতিহ্যবাহী সন্তোষপুর দরবার কমপ্লেক্স। বর্তমানে এখানে একটি দীনিয়া মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, হাফেজিয়া মাদরাসা, মসজিদ ও একটি খানকা রয়েছে। উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে চর-দুঃখিয়া পূর্ব ইউনিয়নে সন্তোষপুর দরবারের অবস্থান।
বাংলা ১৩৫৮ সনে আলহাজ মাও. শাহ সূফি মোহাম্মদ মোছলেহ উদ্দীন (র) ঐ দরবার প্রতিষ্ঠা করেন। ছারছীনা দরবারের পীর আলহাজ মাও. শাহ সূফি নেছার উদ্দিন আহম্মদ (র)-এর নির্দেশে সঠিক দ্বীনের আলো ছড়িয়ে দিতে এ দরবার প্রতিষ্ঠা করা হয়।
দরবারটি প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছরের ৯ ও ১০ ফাল্গুন বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। প্রতিবছর এ আয়োজনে লাখো ধর্মপ্রাণ মুসলমানের সামগম ঘটে। এছাড়া প্রতি বছর মাহে রমজানের ২য় বুধবার বার্ষিক ইফতার মাহফিল ও ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবসে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, ছারছীনার মরহুম পীর শাহসূফী আলহাজ মাও. নেছার উদ্দিন আহম্দ (র)-এর প্রধান খলিফা সন্তোষপুর দরবারের পীর শাহসূফি আলহজ মাও. মোছলেহ উদ্দিন (র)-এর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সন্তোষপুর দরবার কমপ্লেক্সের পীর মোহাম্মদ বিন মোছলেহ উদ্দিন (র) গত ২০১৪ সালের ৬ জুন মৃত্যুর পূর্ব পর্যন্ত দরবারটির দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুর আগের আদেশক্রমে পীর মোহাম্মদ বিন মোছলেহ উদ্দিন (র)-এর বড় সাহেবজাদা আলহাজ মাও. শাহ আব্দুল করিম বিন মুহাম্মদ বর্তমানে এর দায়িত্ব পালন করার মধ্য দিয়ে দেশ-বিদেশে ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
অনুষ্ঠানে বদরী সদস্য ও দাতা সদস্যদের উপস্থিতি একান্তভাবে কামনা করে দীনের খেদমত করার জন্য অনুরোধ জানিয়েছেন সন্তোষপুর দরবারের পীর আলহাজ মাও. শাহ আব্দুল করিম বিন মুহাম্মদ।
০৯ এপ্রিল, ২০২৩।
