চাঁদপুরে ২ মাসের অভিযানে ৩৭১ অসাধু জেলে আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার করার অপরাধে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৮১৪টি অভিযান ও ৩৪৭টি মামলা দায়ের করা হয়েছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ, নৌ-পলিশ, কোস্টগার্ড ও সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তারা এ অভিযান পরিচালনায় সম্পৃক্ত ছিলেন।
এছাড়া ১৬২টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৮৫ লাখ মিটার কারেন্ট জাল আটক ও ৩৯ মেট্রিক টন জাটকা জব্দ করেছে। ৩৪৭টি মামলা পরিচালনা করে ৩৭১ জনকে জেলে প্রেরণ করেছে।
গত ২ মে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রেরিত দৈনিক প্রস্তুতকৃত রিপোর্টমতে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, প্রতিদিন জাটকা রক্ষায় চাঁদপুর পদ্মা-মেঘনার ১শ’ কিলোমিটার নৌ-সীমানায় বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দু’মাস জাটকা রক্ষায় পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছিলো সরকার।
আইন অমান্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ দু’বছরের কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে।

০৪ মে, ২০২৩।