স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেডে অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। সোমবার (৯ মে) সকাল সাড়ে ৮টায় চাঁদপুর পুলিশ লাইনস্ মাঠে প্যারেড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
পরিদর্শনকালে প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।
পুলিশ সুপার জেলা পুলিশের কম্পিউটার ল্যাব, অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, পুলিশ হাসপাতাল, ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন আরআই, পুলিশ লাইন্স, চাঁদপুরসহ সংশ্লিষ্ট দপ্তর ইনচার্জদের।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ অফিসার ও সদস্যদের পেশাদারিত্ব ও সুনামের সাথে কর্তব্য পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সাপ্তাহিক মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দেসহ চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সপ্তাহব্যাপী পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
প্রশিক্ষণার্থীদের প্যারেডের ত্রুটিপূর্ণ দিকগুলো চিহ্নিত করে প্রশিক্ষকদের আরো দৃঢ়তার সাথে ট্রেনিং প্রদানের নির্দেশনা দেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
০৯ মে, ২০২৩।
