ফরিদগঞ্জে মাদ্রাসার ক্লাসে ঢুকে শিক্ষককে পেটালেন অভিভাবক

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে মাদ্রাসায় ঢুকে এক শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ মে) সকালে বোয়ালিয়া নূরাণী হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। বিষয়টির বিচার প্রার্থনা করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রাও।
তথ্যনুসন্ধানে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন ওই মাদ্রাসার শিক্ষক আলী আজগর। এসময় হঠাৎ করে অভিযুক্ত অভিভাবক কাজী জসিম উদ্দিন ও কাজী আল আমিন মাদ্রাসার ক্লাস রুমে ঢুকে শিক্ষার্থীদের সামনে শিক্ষককে মারধর করে প্রতিষ্ঠানটি বন্ধ ও ভাঙচুর করার হুমকি প্রদান করেন। এতে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা গেছে, জসিম উদ্দিন ওই মাদ্রাসার এক শিক্ষার্থীর অভিভাবক। মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা না মেনে তার ছেলে ছুটি কাটিয়েছে। এতে শিক্ষার্থীকে হুজুর শাসন করার কারণে তিনি ক্ষিপ্ত হয়ে শিক্ষককে মারধর করেন।
মারধরের শিকার শিক্ষক আলী আজগর জানান, আমি ক্লাস পড়ানোর সময় হঠাৎ করে ক্লাসে এসে আমাকে মারধর করা শুরু করেছে।
মাদ্রাসার কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন জানান, হুজুর দীর্ঘদিন আমাদের মাদ্রাসায় চাকরি করে আসছেন। কেন তিনি মারধরের শিকার হলেন, আমরা এর সঠিক তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিচার দাবি করছি। বর্তমানে এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে অভিযুক্ত কাজী জসিম উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, আমি ওই মাদ্রাসার অভিভাবক, আমার ছেলে ঢাকা গিয়েছিলো। আসার পর শিক্ষক আমার ছেলেকে মেরেছে, তাই আমি ক্ষিপ্ত হয়ে তাকে মেরেছি। ছুটির জন্য আবেদন করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো বিষয় আমার জানা নেই।
বিষয়টি নিয়ে থানার ওসি মো. আবদুল মান্নান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

১৭ মে, ২০২৩।