চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ট্রাকে করে গাঁজা পাচারকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গত শনিবার রাতে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা চৌরাস্তা এলাকা ৫ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ফরিদপুর জেলার আব্দুল আলীম মোল্লা (৩২), একই জেলার রুহুল আমিন মোল্লা (৩৪) ও নুর আলম (২৪)।
জানা যায়, সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা চৌরাস্তা এবং হরিণা ফেরিঘাটের মধ্যবর্তী বিআইডব্লিউটিএ’র মাঠের উত্তর পাশের গাজী বাড়ি পাকা রাস্তার উপর চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহরিন হোসেন ও এএসআই তসলিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ফরিদপুর জেলার আব্দুল আলীম মোল্লা, রুহুল আমিন মোল্লা ও নূর আলমকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

১৯ জুন, ২০২৩।