ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

মানুষকে ভালোবেসে হাসিমুখে সেবা দিতে হবে
……..অ্যাড. জাহিদুল ইসলাম রোমান

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গত সোমবার (১০ জুলাই) সকালে সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুকূল্যে গত ১৪ বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। বর্তমানে আমরা উন্নত রাষ্ট্রের কাতারে সামিল হয়েছে। বাংলাদেশ সরকার প্রধানের কর্মদক্ষতার কারণে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করছে, ব্যবসা করছে, দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বর্তমানে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকার কাজ করে যাচ্ছে। আমাদের যেতে হবে আরও বহুদূর। সেবাপ্রার্থী বা জনগণকে কোনো প্রকার হয়রানি বা নির্যাতন করা যাবে না। মানুষকে ভালোবেসে হাসিমুখে সেবা দিতে হবে। যিনি যে দপ্তরের দায়িত্ব নিয়োজিত আছেন। কর্মের মাধ্যমে সে দপ্তরের সুনাম মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। সবার আন্তরিকা থাকলে দ্রুত স্মার্ট বাংলাদেশ রুপ নিবে আমাদের দেশটি।
এছাড়া মাদক, চুরি, ইভটিজিং, বাল্যবিবাহ, উপজেলার প্রধান সড়কে যানজট নিরসন, স্থানীয় পর্যায়ে চেয়ারম্যানদের দপ্তরের কাজগুলো দক্ষতার সাথে পরিচালনা করে অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, মাজুদা বেগম, প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মো. আলী জিন্নাহ, কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।

১২ জুলাই, ২০২৩।