ধর্মীয় মতাদর্শে জীবন পরিচালনায় আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব
……….মুহম্মদ শফিকুর রহমান এমপি
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুরে ৮০তম ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর দরবার শরীফ সংলঘ্ন শাহ ইয়াছিন (রহ.) ফাজিল মাদরাসা ময়দানে ১৮ ও ১৯ জানুয়ারি দু’দিনব্যাপী অনুষ্ঠিত মাহফিলে দেশবরেণ্য আলেমেদীন ও মাশায়েখরা মানুষের হেদায়েতের উদ্দেষ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। গত শুক্রবার আখেরী মুনাজাতে বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি সমৃদ্ধি ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা মো. জোবায়ের হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা যে যাই করি না কেন মৃত্যুর পরে আমাদের একমাত্র সম্পদ হলো নেক আমল। পৃথিবীর সব সম্পদ রেখে থাকতে হবে সাড়ে তিন হাত মাটির ঘরে। এ পৃথিবীর অঢেল সম্পদের যেসব মালিক পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের সাড়ে তিন হাত মাটির ঘরেই থাকতে হচ্ছে। আমরা যত বড় ক্ষমতাশালী হই না কেন, কবরে আমাদের যোগ্যতার একমাত্র মাপকাঠি হবে নেক আমল। পৃথিবীতে জন্মের সিরিয়াল আছে, কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নেই। তাই আমাদের সবাইকে পরকালের সম্পদ তৈরির জন্য প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, ভালো কাজের মাধ্যমে আমরা পৃথিবীতে যদি দৃষ্টান্ত রেখে যেতে পারি তবেই আমাদের জন্ম স্বার্থক। ধর্মের দোহাই দিয়ে কিছু লোক সমাজ ও রাজনৈতিক অঙ্গনে বিভেদ সৃষ্টি করছেন। এদের বিরুদ্ধে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করেছেন। তিনি সব ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। আর তার কন্যা শেখ হাসিনা তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। ব্যক্তিগত জীবনে সুদ-ঘুষসহ পরসম্পদের প্রতি লোভ না রেখে ধর্মীয় মতাদর্শে জীবন পরিচালনার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব।
প্রধান আলোচক হিসেবে নসিহত পেশ করেন ফুরফুরা শরীফের পীরে কামেল আলহাজ আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী আল-কোরাইশী। বিশেষ আলোচক হিসেবে নসিহত পেশ করেছেন, চাঁদপুরের মান্দারি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহম্মদ, কুমিল্লার ধামতি ইসলামিয়া মাদ্রসার প্রধান মুহাদ্দিস মাও. মুহম্মদ রফিকুল ইসলাম হেলালী, ঢাকা মিরপুর জনকল্যাণ জামে মসজিদের খতিব মাও. মুফতি শামসুল আলম মুহেব্বি। আরো আলোচক হিসেবে আলোচনা করেন ইসলামী চিন্তাবিদ হাফেজ মাকসুদুর রহমান, হাফেজ শাহ মো রুহুল্লাহ, মাও. রফিকুল ইসলাম, মাও. শাহাবুদ্দিন প্রমুখ।
২১ জানুয়ারি, ২০২৪।
