
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে মো. মহিন উদ্দিন (২৮) কে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে এ মানববন্ধন করা হয়। উপজেলার ৫নং সদর ইউনিয়নের স্থানীয় পূর্ব কাজিরগাঁও গ্রামের এলাকাবাসী প্রতিবাদ মিছিলের মাধ্যমে এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
গত ৩ নভেম্বর সকাল ১০টায় পূর্ব কাজিরগাঁও গ্রামের মহন গাজী বেপারীর বাড়ির মো. মহিন উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগমের (২০) মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের আগেই মহিন গাজী ও তার মা-বাবা পালিয়ে যায়। নিহতের পরিবার মরিয়মকে হত্যার দাবি করেন।
এদিকে মহিন গাজীর এলাকাবাসীও একই অভিযোগ করে মঙ্গলবার মানববন্ধন করেছে। তারা ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করুন’ এই স্লোগানে মো. মহিউদ্দিন ও তার পরিবারসহ পরিকল্পিতভাবে যৌতুকের দাবিতে তার স্ত্রী মরিয়ম বেগমকে নির্মম ও নিষ্ঠুর হত্যার সুষ্ঠু বিচার এবং অবিলম্বে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে।
মানববন্ধনে ওয়ালী উদ্দিন খোকা, রেজাউল করিম মিন্টু, মামুন, মির্জা কামাল, কবির হোসেন, হাফেজ বাবু ও ওমর ফারুক খাঁন ও নিহতের পরিবারসহ কয়েক শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা করেন। ময়নাতদন্তের প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী আইন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে থানার অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম জানান।
