বাগাদীতে প্রতিপক্ষের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় মো. হুমায়ুন কবির নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৯ নভেম্বর সন্ধ্যায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামের মজিদ আলী খান বাড়ির সামনে। হুমায়ুন কবির ঐ এলাকার মৃত মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান তালুকদারের ছেলে। সে এবছর জনতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। এ বিষয়ে পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ (নং ৮৯১, তাং ২০/১১/২০১৭) দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. হুমায়ুন কবির জনতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। প্রতিদিনের মতো ১৬ নভেম্বর প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে একই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র আব্দুর রাজ্জাক খান (বাবু) বলে এই রাস্তা দিয়ে চলাচল করতে হলে সালাম ও সম্মান দিয়ে চলতে হবে। তা নাহলে এ পথ দিয়ে চলাচল করতে দেয়া হবে না। তখন হুমায়ুন কবির বলে এটি সরকারি রাস্তা, তাছাড়া তুমি ৮ম শ্রেণিতে পড়ো, তোমার মুখে এসব কথা মানায় না- বলে বাড়ি চলে যায়। ১৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় প্রাইভেট পড়ে বাড়ি যায়ার সময় পেছন থেকে আব্দুর রাজ্জাক খান (বাবু), আল আমিন বেপারী, নাঈম পাটওয়ারী, হাসান মজুমদার জিআই পাইপ দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে হুমায়ুনের মাথা ফেটে যায়। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা দৌঁড়ে পালিয়ে যায়। বিষয়টি রাতেই ওয়ার্ড মেম্বার রিয়াজ উদ্দিন পাটওয়ারী (ভুট্টু) কে জানালে হামলাকারীরা আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়। তারা বলে, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণে মেরে ফেলবে।
হুমায়ুন কবির বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করছে সে।