ইজতিমা মাঠ পরিদর্শনে ডা. দীপু মনি


স্টাফ রিপোর্টার :
বিশ্ব ইজতিমার তত্ত্বাবধানে চাঁদপুরে প্রথমবারের মত আগামি ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা ইজতিমা। গত ১৮ নভেম্বর সকালে ইজতেমার মাঠ পরিদর্শন ও মুসল্লিদের নিরাপত্তাসহ আয়োজকদের সাথে বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজীসহ অন্যান্যরা।
উল্লেখ্য, চাঁদপুর শহরে পুরাণ বাজার দোকানঘর এমদাদিয়া মাদ্রাসা সংলগ্ন পশ্চিম জাফরাবাদ মেঘনা নদীর পাড় ঘেঁষা জমিতে ইজতিমার প্যান্ডেলের কাজসহ প্রয়োজনীয় কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রতিদিন স্বেচ্ছায় কয়েক শতাধিক মানুষ স্বেচ্ছাসেবীর কাজ করছেন। বিভিন্ন পেশার লোকজন প্যান্ডেল নির্মাণের কাজে সহায়তা করছে। পাশাপাশি বিভিন্ন উপজেলার কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরাও প্যান্ডেলের কাজ ও স্বেচ্ছাসেবীর কাজ করছেন। আমন্ত্রিত বিদেশী অতিথিদের থাকার জন্য আলাদা প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। এছাড়া মুসল্লিদের গোসল, ওজুর ব্যবস্থা ও পর্যাপ্ত টয়লেট নির্মাণ করা হচ্ছে। মাঠে প্রবেশের রাস্তাগুলো প্রশস্ত করা হচ্ছে।
টঙ্গীর বিশ্ব ইজতিমার আওতায় এ ইজতিমার আয়োজন করা হয়েছে। এবছর দেশের ১৬টি জেলায় আলাদাভাবে জেলাভিত্তিক ইজতিমার আয়োজন করা হয়েছে। চাঁদপুরে প্রথমবারের মত বিশাল এ ইজতিমার আয়োজন করায় জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে গত কিছুদিন থেকেই বেশ আনন্দ বিরাজ করছে। মাঠের আশপাশে বসবাসরত বাসিন্দারাও যার যার সাধ্যমত প্যান্ডেল নির্মাণে সহায়তা করে যাচ্ছে। প্রতিদিন জেলার ৮ উপজেলা থেকে শত-শত মানুষ দলবদ্ধ হয়ে স্বেচ্ছায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্যান্ডেলের কাজে সহায়তা করছেন।
আয়োজকরা জানান, সব শ্রেণির ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতিমায় অংশগ্রহণ করলে প্রায় ৫-৬ লাখ মুসল্লির সমাবেশ ঘটবে বলে আশা করা যাচ্ছে। টঙ্গী ইজতিমা মাঠের ন্যায় এই মাঠেও ৮ উপজেলা থেকে আগত মুসল্লিদের জন্য আলাদাভাবে বসার ব্যবস্থা থাকবে। মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তার ও ব্যবস্থা রাখা হবে।