
মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় তিনি মতলব উত্তর থানা পরিদর্শন আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অফিসার ইনচার্জ আনোয়ারুল হক কামাল ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন রনি। এরপর জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করা হয়।
জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল উপজেলার আইন-শৃঙ্খলা বিষয়ে খোঁজ-খবর নেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন। এছাড়া মতলব উত্তর থানার সার্বিক পরিস্থিতি ও বর্তমান অবস্থার খোঁজ-খবর নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন।
জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, পুলিশ ও জনতা একসাথে আইন-শৃংখলা রক্ষা করবে। আমরা শান্তি চাই, বিশৃংখলা চাই না। জনগণের নাগালে সেবা এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। সমাজের একটি অংশের প্রতিনিধি হিসেবে পুলিশ সদস্যদের সবাইকে নিয়ে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। আপনাদের সম্মানের আসন নিজেদেরই ধরে রাখতে হবে। জনবান্ধব পুলিশ হয়ে দায়িত্ব পালন করে থানায় গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে।
জেলা প্রশাসক আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে পুলিশ বাহিনীর অনেক সদস্য জীবন দিয়েও দেশমাতৃকার সেবায় বীরত্বপূর্ণ ভূমিকা রেখে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হয়। আধুনিক পুলিশ বাহিনীর জন্য যেসব সরঞ্জাম প্রয়োজন তার সব চাহিদা পূরণ না হলেও আমাদের পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের মতলব উত্তর থানা পরিদর্শন সম্পর্কে অফিসার ইনচার্জ আনোয়ারুল হক কামাল বলেন, প্রতি বছরের মতো এবারও জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বার্ষিক থানা প্রশাসন পরিদর্শনের অংশ হিসেবে আমাদের থানায় এসেছিলেন পরিদর্শন করার জন্য। তিনি মতলব উত্তর থানার বিভিন্ন কার্যক্রম দেখেন এবং আমাদের সাথে আইন-শৃংখলা পরিস্থিতি, বিশেষ করে জঙ্গি তৎপরতা ও মাদক বিরোধী অভিযান নিয়ে মতবিনিময় করেছেন।
