কচুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১


এম সাইফুল মিজান :
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার কচুয়া-কালিয়াপাড়া আঞ্চলিক সড়কের লুন্তি নামক স্থানে সিএনজি-নছিমন মুখোমুখি সংঘর্ষে মো. আলম হোসেন নামে একজন নিহত ও চার জন আহত হয়েছে। নিহত মো. আলম হোসেন উপজেলার করইশ গ্রামের মৃত আ. মালেকের ছেলে। আহতরা হচ্ছেন- করইশ গ্রামের বিল্লালের ছেলে খোরশেদ আলম, শ্রীরামপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মারুফ ও সিএনজি ড্রাইভার।
স্থানীয়রা জানান, ছোট ইঞ্জিনচালিত নছিমন কচুয়া থেকে ছেড়ে যাওয়া সিএনজিকে ধাক্কা মারলে সিএনজি দুমড়ে মুছড়ে রাস্তার পাশে বালুর মাঠে পড়ে যায় । পরে তারা যাত্রীদের গুরুতর আহত অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মো. আলম হোসেনের অবস্থার অবনতি দেখে দায়িত্বরত ডাক্তার তাকে সংজ্ঞাহীন অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজে রেফার করেন। হাসপাতালে নিয়ে যাবার সময় পথিমধ্যে সে মারা যায়। তাছাড়া আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।
এদিকে আলমের মৃত্যুর খবর শুনে করইশ গ্রামে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।