
আ. ছোবহান লিটন
ফরিদগঞ্জ উত্তর কেরোয়া এলাকায় গতকাল শনিবার বিকেলে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রিয় সভাপতি হুমায়ুন কবির বেপারী।
এসময় তিনি বলেন, ফরিদগঞ্জ বিএনপি’র ঘাঁটি হিসাবে পরিচিত একটি নির্বাচনী এলাকা। অথচ বর্তমানে রহিম-করিম গ্রুপে নেতাকর্মী বিভক্ত হয়ে দলটি নাজুক অবস্থায় রয়েছে। তাই দ্রুত বিএনপির অভ্যান্তরীণ কোন্দল নিরসন না করলে আগামি জাতীয় নির্বাচনে নিশ্চিত প্রভাব পড়বে। তিনি আরো বলেন, আমি ১৯ বছর সক্রিয়ভাবে বিএনপি’র সাথে সম্পৃক্ত। বর্তমানে কেন্দ্রিয় সাংস্কৃতিক দলের সভাপতির দায়িত্ব পালন করছি। যেহেতু এই উপজেলায় আমার জন্মস্থান, তাই এই উপজেলায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলকে ঢেলে সাজাতে চাই। অচিরেই উপজেলার প্রতিটি ইউনিয়নে শক্তিশালী কমিটি গঠন করা হবে। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করে বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে এই উপজেলায় বিপুল ভোটে বিএনপি’র প্রার্থীকে বিজয়ী করতে হবে। হয়তোবা আমি নিজেও বিএনপি তথা ধানের শীষ প্রতিকের একজন মনোনয়ন প্রত্যাশী।
আলোচনা সভায় উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আহ্বায়ক মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর মো. সোহেলের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রিয় নেতা মো. ইকবাল হোসেন, উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. অহিদ ভুঁইয়া, মো. আবু হানিফ, মো. মানিক, প্রবাসী যুবদল নেতা তাজুল ইসলাম, পৌর যুবদল নেতা শাহাবুদ্দিন প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
