চাঁদপুরকে নান্দনিকভাবে গড়ে তোলা হবে
…………..অ্যাড. জিল্লুর রহমান জুয়েল
এস এম সোহেল
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় শহরের জেএম সেনগুপ্ত রোডে তাঁর নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণা করা হয়।
নির্বাচনী ইশতেহারে নৌকার প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেন, পর্যটনের বিপুল সম্ভাবনাময় চাঁদপুরে প্রধানমন্ত্রী যতোবারই এসেছেন, ততোবারই তিনি নদীকেন্দ্রিক পর্যটনের তাগিদ দিয়েছেন। তাই সেই সম্ভাবনার আদলে চাঁদপুরকে গড়ে তুলতে পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার এ তিন নদীর মিলনস্থল মোলহেড নান্দনিকভাবে গড়ে তোলা হবে। শহরের নতুন বাজার ও পুরাণবাজার
শহর রক্ষা বাঁধে রিভার ড্রাইভ গড়ে তোলা হবে। সবুজায়ন, দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী দিয়ে তা নির্মাণ করা হবে। ডাকাতিয়া ও মেঘনা নদীতে ভাসমান রেস্তোরাঁ ও ওয়াটার বাস চালু করা হবে। পৌরসভার অর্থায়নে তারকাখচিত একটি আধুনিক আবাসিক হোটেল নির্মাণ করা হবে। যা দেশী-বিদেশী পর্যটকদের চাঁদপুরে অবস্থানকে নিরাপদ ও আকর্ষণীয় করবে।
তিনি আরো বলেন, নান্দনিক চাঁদপুর শহর গড়ে তুলতে শহরের বুক চিরে বয়ে যাওয়া এসবি খাল ও বিদ্যাবতী খালের প্রয়োজনীয় সংস্কার করে মূল নদীর সাথে পানির প্রবাহ নিশ্চিত করা হবে। শহরের লেকগুলোর দুই প্রান্ত বাঁধাই করে ফোয়ারা নির্মাণ করার মধ্য দিয়ে দৃষ্টিনন্দন করা হবে। বহুতল ভবন বিশিষ্ট একটি আধুনিক সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলা হবে। এতে পাবলিক লাইব্রেরী, আর্কাইভ, মিনি অডিটোরিয়াম, জ্যেষ্ঠ নাগরিক ও নারীদের জন্য পৃথক পৃথক নির্ধারিত ফ্লোর থাকবে। যেখানে থাকবে বিনোদনের সুব্যবস্থা। এছাড়া পুরাণবাজার ও নতুনবাজার অংশে একাধিক মুক্ত মঞ্চ গড়ে তোলা হবে। সর্বোপরি চাঁদপুর শহরকে বিলবোর্ড মুক্ত করা হবে।
জিল্লুর রহমান জুয়েল আরো বলেন, পৌরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সব কার্যক্রম প্রযুক্তিনির্ভর ও ডিজিটালাইজড করা হবে। প্রতিটি এলাকা পর্যায়ক্রমে সিসি টিভির আওতায় আনা হবে। ড্রেনেজ সিস্টেমে প্রয়োজনীয় পরিবর্তন ও সংস্কার করা হবে। পুরনো সড়ক যথাসম্ভব প্রশস্তকরণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। শহরের যানজট নিরসনে একাধিক বিকল্প সড়ক নির্মাণ করা হবে। শহরের সড়কে এলইডি লাইট স্থাপনের মাধ্যমে আলোকিত চাঁদপুর শহর গড়ে তোলা হবে। সব নাগরিকদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা হবে। একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গড়ে তোলা হবে। বর্জ্য সংগ্রহ ও ডাম্পিং পদ্ধতিতে পরিবর্তন আনা হবে। শহরের যত্রতত্র ডাস্টবিন পর্যায়ক্রমে তুলে ফেলা হবে। মশক নিধনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। শহরের পুরাণবাজার ও নতুনবাজার অংশে দুটি আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে। পুরাণবাজার অংশে একটি নতুন গণকবরস্থান তৈরি করা হবে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ন্যূনতম একটি করে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। যাতে নারী-পুরুষের জন্য পৃথক পৃথক ব্যবস্থা থাকবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে পৌরসভা জিরো টলারেন্সে থাকবে। পৌরসভার তত্ত্বাবধায়নে একটি কার্যকরী মাদক নিরাময় কেন্দ্র গড়ে তোলা হবে।
এছাড়া শহরের মাছ বাজারগুলোকে আধুনিকায়ন করা হবে। পরিকল্পিত চাঁদপুর শহর নির্মাণে নকশাবহির্ভূত কোন স্থাপনা নির্মাণ হতে দেয়া হবে না। যানজট নিরসনে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হবে। সেই সাথে অবৈধ যান চলাচল করতে দেয়া হবে না। এছাড়া নতুন কোনো সিএনজি অটো রিক্সার লাইসেন্স প্রদান করা হবে না। পৌরবাসীর নাগরিক সেবায় ২৪/৭ ভিত্তিতে হেল্পলাইন চালু করা হবে।
তিনি বলেন, আমার বিবেচনায় চাঁদপুর পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রও ঝুকিপূর্ণ নেই। তার প্রমাণ হচ্ছে নির্বাচনী প্রচারণায় এপর্যন্ত কোথাও কোন সহিংসতা হয়নি। পৌরসভা নিয়মের মধ্যে চালাবো। পৌরসভায় কোন সিন্ডিকেট রাখবো না। অডিটরিয়াম চালুর ব্যবস্থা করা হবে। চাঁদপুর নতুন বাজার- পুরাণবাজারের ৫টি বাজার আধুনিকায়ন করা হবে।
নৌকা মার্কার মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েল নির্বাচনী ইশতেহারে আশা প্রকাশ করেন সবার সহযোগিতা পেলে তিনি বাণিজ্য, পর্যটন এবং নান্দনিক চাঁদপুর শহর ঘরে তোলার ক্ষেত্রে সফল হবেন। এজন্য তিনি পৌরবাসীর দৃঢ় সমর্থন আশা করেন।
এসময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, ইকবাল হোসেন পাটওয়ারী, শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মীর্জা জাকির, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়েরসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এসময় দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিতি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শাহীর হোসেন পাটওয়ারী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশীদ সাগর, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমনসহ অন্যান্য নেতাকর্মীরা।
৯ অক্টোবর, ২০২০।
