চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদযাপন পরিষদ গঠন

প্রধান উপদেষ্টা ডা. দীপু মনি, চেয়ারম্যান বদিউজ্জামান কিরণ ও মহাসচিব হারুন আল রশীদ

চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার-২০১৯ উদযাপন পরিষদ গঠন প্রধান উপদেষ্টা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, স্টিয়ারিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. মহসীন পাঠান, চেয়ারম্যান অ্যাড. বদিউজ্জামান কিরণ ও মহাসচিব হারুন আল রশীদ। -ইল্শেপাড়

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০১৮ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে মুক্তিযুদ্ধের বিজয় মেলার-২০১৮ এর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসিন পাঠানের সভাপতিত্বে এবং মহাসচিব হারুন আল রশীদের পরিচালনায় সভা শুরু হয়। পরবর্তীতে ২০১৮ সালের বিজয় মেলার কমিটি বিলুপ্ত করা হয়।
২০১৯ মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্যাপনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়ে কাজ করতে চাই। মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করবো। তাদের রক্তে-ঘামে আমাদের এই স্বাধীনতা অর্জন। আমরা সবাইকে সাথে নিয়ে মুজিববর্ষকে উদ্যাপনের লক্ষ্যে এ বছর মুক্তিযুদ্ধের বিজয় মেলা করবো। সবাইকে সাথে নিয়ে পর্যায়ক্রমে বিজয় মেলার সব কমিটি করা হবে। চাঁদপুর থেকে প্রকাশিত প্রত্যেকটি সংবাদপত্রের সম্পাদকদের কমিটিতে রাখতে হবে। আমাদের মধ্যে মান-অভিমান থাকতে পারে। তবে সেই মান-অভিমানকে উর্ধ্বে রেখে মুক্তিযুদ্ধের বিজয় মেলা চলবে। মহান মুক্তিযুদ্ধের সময় এই হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিয়েছিল। এই স্মৃতি বিজরিত মাঠেই আমরা বিজয় মেলা করবো।
সভার দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধের বিজয় মেলা সর্বোচ্চ পরিষদ স্টিয়ারিং কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের সভাপতিত্বে সার্বিক আলোচনা শেষে সভার প্রধান অতিথি শীর্ষ উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী ২০১৯ সালের ২৮তম মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদযাপন পরিষদের নাম ঘোষণা করেন।
২০১৯ সালের মুক্তিযুদ্ধের বিজয় মেলার কমিটির প্রধান উপদেষ্টা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ ও সাধারণ সম্পাদক সদ্যবিদায়ী চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মহসীন পাঠান, উদযাপন পরিষদ ২০১৯ সালের চেয়ারম্যান অ্যাড. বদিউজ্জামান কিরণ ও মহাসচিব হারুন আল রশীদকে করা হয়।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী এসডু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, অ্যাড. আমির উদ্দিন ভূইয়া মন্টু, অ্যাড. সাইফুদ্দিন বাবু, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহছান উল্লাহ, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, সাংবাদিক কে এম মাসুদসহ আরো অনেকে।