
প্রতিটি সেক্টরের সব অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে
…………পরিকল্পনা বিভাগের সচিব নুরুল আমিন
ফরিদগঞ্জ ব্যুরো
গতকাল শনিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকদের সাথে এসডিজি ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সরকারের পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিন বলেন, সরকার দেশকে এগিয়ে নানা ধরনের উন্নয়ন প্রকল্প হাতে নিচ্ছে। এতে করে দেশ এগিয়ে যাচ্ছে। আপনারা যদি এই মুহূর্তে পাকিস্তানের সাথে আমাদের দেশের উন্নতির চিত্র তুলনা করেন, তবেই বাস্তবতা বেরিয়ে আসবে। আমাদের জিডিপি যেখানে ৮ এর উপরে সেখানে পাকিস্তানের ৫ এর সামান্য বেশি। অর্থাৎ আমরা সঠিক পথেই রয়েছি। এসডিজি অর্জন করতে হলে আমাদের আরো এগিয়ে যেতে হবে। প্রতিটি সেক্টরে থাকা সব অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে হবে।
তিনি ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে বলেন, অবহেলিত এই উপজেলায় আরো বেশি উন্নয়নের কর্মকাণ্ড প্রয়োজন। এজন্য প্রয়োজন সঠিক প্রকল্প গ্রহণ। আমরা ফরিদগঞ্জে কোন জি কে শামিম দেখতে চাই না।
মাদক নিয়ে তিনি বলেন, মাদকের ভয়াবহতা আমাদের গ্রাস করছে। মাদকের কারণে সমাজে অস্থিরতা বিরাজ করছে। বাবা ছেলেকে, ছেলে মাকে- এমনকি পুরো পরিবারকে শেষ করে দিচ্ছে। তাই এসব বিষয়ে জনপ্রতিনিধিদের আরো বেশি সচেতন হতে হবে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে এদের থেকে সমাজকে রক্ষা করতে হবে। কারণ এরা কখনো সমাজের মঙ্গল করতে পারে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব নাসরিন আক্তার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম ও মাজেদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী ড. মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার, ইউপি চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ, আলমগীর হোসেন ও সাংবাদিক মামুনুর রশিদ পাঠান।
