চাঁদপুরে করোনায় আক্রান্ত মোট ১৫ জন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা আরো ১ জন বেড়ে ১৫ জনে উন্নীত হয়েছে। ঢাকায় আক্রান্ত এক যুবক পালিয়ে চাঁদপুর আসার পর আক্রান্তের সংখ্যা ১৪ থেকে ১৫ হয়েছে। তার বাড়ি ফরিদগঞ্জে। রোববার এলাকাবাসীর তাড়া খেয়ে হাসাপাতালে আসার পর পালিয়ে গিয়েছিলো সে। পরে পুলিশের সহযোগিতায় রাতে আবার তাকে হাসপাতালে এনে আইসোলেশনে রাখা হয়েছে।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ব্যাখ্যা দেন।
তিনি আরো জানান, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চাঁদপুরে সংগৃহীত নমুনার করোনা টেস্ট করার বিষয়ে চেষ্টা চলছে। কর্তৃপক্ষের অনুমতি পেলে কুমিল্লায় করোনা টেস্ট করা যাবে চাঁদপুরে সংগৃহীত নমুনার। এতে আমাদের সময় বাঁচবে।
তিনি আরো জানান, মঙ্গলবার চাঁদপুরে আরো ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে মোট সংগৃহীত নমুনার সংখ্যা ৩০৬। এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩২৩।

২৮ এপ্রিল, ২০২০ খ্রি.।