চাঁদপুরে ব্যবসায়ীদের ২১শ’ বস্তা চাল নিয়ে কার্গো উধাও

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাণবাজারে নদীর ঘাট থেকে স্থানীয় ব্যবসায়ীদের ২ হাজার ১শ’ বস্তা চাল নিয়ে একটি কার্গো উধাও হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে চাঁদপুর নদী বন্দরের ভূঁইয়ার ঘাটে এ ঘটনা ঘটে।
বিষয়টি চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন। ব্যবসায়ীরা চাঁদপুর মডেল থানায় বিষয়টি জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উধাও হয়ে যাওয়া চালভর্তি কার্গোর সন্ধান মেলেনি।
চাল ব্যবসায়ীরা জানান, ট্রান্সপোর্টের মাধ্যমে পাবনা নগরবাড়ি ঘাট থেকে পুরাণবাজারের ৫ থেকে ৭ জন চাল ব্যবসায়ী তাদের চাহিদা অনুযায়ী কয়েক হাজার বস্তা চাল আমদানি করে। মিলন মাঝির কার্গোতে সেই চাল পুরাণবাজার ঘাটে আনা হয়। সোমবার কিছু চাল উঠানো হয়। তারপর ব্যবসায়ীদের না জানিয়ে কার্গোটি রাতের অন্ধকারে ঘাট থেকে উধাও হয়ে যায়। মঙ্গলবার সকালে ঘাটে চালভর্তি কার্গোটি দেখতে না পেয়ে গদিঘর লেবার ও ব্যবসায়ীরা উধাও হয়ে যাওয়া কার্গোটি খুঁজতে থাকে।
কার্গোতে পরেশ মালাকার, মফিজ হাজি, রাজলক্ষ্মী ভান্ডারের শম্ভু সাহা, আনিছ বেপারী, মক্কা ট্রেডার্সসহ আরো কয়েকজন ব্যবসায়ীর ২ হাজার ১শ’ বস্তা চাল ছিল।
কার্গোটির মালিক মতলব উত্তর উপজেলার দশানির এক ব্যক্তি বলে জানা যায়।
ট্রান্সপোর্টের মাধ্যমে অপরিচিত কার্গোতে চাল দেয়ার কারণে এই ঘটনাটি ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মফিজ হাজি জানিয়েছেন।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ নাছিম উদ্দিন বলেন, চালসহ কার্গো উধাও হয়ে যাওয়ার বিষয়টি আমরা শুনেছি। ব্যবসায়ীরা বলেছেন, তারা লিখিত অভিযোগ দেবেন। আমরাও বিষয়টি খতিয়ে দেখছি।

২৮ এপ্রিল, ২০২০ খ্রি.।