এস এম সোহেল
চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোড এলাকায় মেঘনা ডিপোর তেলবাহী লরির চাপায় শীতল চক্রবর্তী (৬৫) নামের এক পানের দোকানীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার শহরের স্ট্র্যান্ড রোডস্থ কাজী ট্রেডার্স সংলগ্ন স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শীতল চক্রবর্তী শহরের পৌরসভা সংলগ্ন সিটি ব্যাংকের সামনে পানের দোকানদারী করতেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে তেলবাহী লরিটি আটক করেন।
প্রত্যক্ষদর্শী রিয়াদ, আল আমিন, বাদল, সোলেমানসহ বেশ কয়েকজন জানান, বিকেলে শীতল চক্রবর্তী স্ট্যান্ট রোড এলাকায় তার ভাইয়ের সাথে দেখা করে ফেরার পথে স্ট্যান্ড রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পিছন থেকে আসা মেঘনা ডিপোর তেলবাহী ট্যাংকলড়ী (ঢাকা মেট্রো-ঢ-৪১-০১৩০) তার গায়ের উপরে উঠিয়ে দেয়। এতে ওই পথচারীর মুখমন্ডল ভাউচারের চাকার নিচে পিষ্ট হয়ে যায় এবং পেটের নাড়িভুড়ি বেরিয়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।
এমন মর্মান্তিক ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক ট্যাংক লরিকে ঘটনাস্থলে আটকে রাখেন। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। সম্ভবত মেঘনা ডিপোর লরির চাপায় পথচারী নিহত হয়েছেন। খবর পেয়ে আমি সাথে সাথে থানা থেকে পুলিশ ফোর্স পাঠিয়েছি। বাকিটা তদন্তের পর বলা যাবে।
০১ মার্চ, ২০২২।
