চাঁদপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

জমি কিনলে অবশ্যই নামজারি করতে হবে
…..জেলা প্রশাসক কামরুল হাসান

সজীব খান
চাঁদপুরে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিতা কাটার মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় তিনি বলেন, ভূমি মালিকরা ভূমি সংক্রান্ত সব সেবা অনলাইনে গ্রহণ করতে পারবেন। ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়া, ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে।
তিনি আরো বলেন, প্রত্যেক ভূমি মালিকের আলাদা একাউন্ট থাকবে, ঘরে বসে যে কেউ অনলাইনে আবেদন করতে পারবে, আবেদন করলে নকল কপি সাথে সাথে বের করা যাবে। গ্রাহকদের পোস্ট অফিসের মাধ্যমে সেবা পৌঁছে যাবে। নামজারি করার মাধ্যমে জমির মালিক সংশোধন হয়, নামজারি না করলে খতিয়ানে জমি থেকে যাবে। জমি কিনলে অবশ্যই নামজারি করতে হবে। মালিকানা নিয়ে বিভিন্ন ধরনের মামলা ও জটিলতার সৃষ্টি হবে। আমাদের একটু সচেতন হতে হবে, মামলা-মোকদ্দমা দূর করতে হলে অবশ্যই জমির নামজারি করা প্রয়োজন রয়েছে। সব ভূমি অফিসে একযোগে সব সেবা দেওয়া হচ্ছে। হয়রানীমুক্ত নাগরিক সেবা প্রদানের জন্য সরকার ভূমি সেবা চালু করেছে।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মদ রাশেদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম, এ. আর. এম. জাহিদ হাসান, নিগার সুলতানা, চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্ল্যাহসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তারা।

২৩ মে, ২০২৩।