চাঁদপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মডেল থানার পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে শনিবার রাতে শহরের প্রেসক্লাব রোড এলাকা থেকে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. পিয়াস তপাদারকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর আসামিকে চাঁদপুর মডেল থানা হেফাজতে রাখা হয়েছে।
পিয়াস তপাদার শহরের মেথা রোডের বাসিন্দা মৃত সালাউদ্দিন তপাদারের ছেলে। ২০১৩ ও ২০১৭ সালের মাদক মামলা জিআর-৪/১৩ ও জিআর-৬১৭/১৭ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামি। আদালত তাকে সাজা প্রদানকালে সে অনুপস্থিত ছিল বলে আদালত সূত্রে জানা যায়। মামলার রায়ের পর থেকে আসামি আবুল হোসেন দেশের বিভিন্নস্থানে পালিয়ে বেড়ায়।
সে শনিবার তার পরিবারের সাথে দেখা করতে আসলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দীর্ঘ চেষ্টার পর গত শনিবার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. রাশেদুজ্জামান ও এএসআই মো. আবু হানিফ সুমন। রোববার (১৮ এপ্রিল) পুলিশ তাকে আদালতে পাঠাবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

১৯ এপ্রিল, ২০২১।