চাঁদপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

পরিকল্পনা করেই আমাদের কাজ করতে হবে
…….জেলা প্রশাসক কামরুল হাসান

এস এম সোহেল
চাঁদপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ জুন) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, সরকার যে টেকসই উন্নয়নের কথা বলছেন, সেটি কেমন হতে পারে। যে কোন উদ্ভাবন হবে বর্তমান চাহিদা মিটিয়ে ভবিষ্যৎ ব্যবহারের যোগ্য করে তোলা। এ ধরনের পরিকল্পনা করেই আমাদের কাজ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন ও জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ।
দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবুর পরিচালনায় সৌর বিদ্যুতের সম্ভাবনা বিষয়ে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট বিজ্ঞান ক্লাব সংগঠক ডা. পীযূষ কান্তি বড়ুয়া এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শেখ সাদী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, এবং সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

০৩ জুন, ২০২৩।