কবুতরকে খাদ্য দিতে গিয়ে
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আহত স্বামীকে বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রী দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২ জুন) দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত স্বামী মো. মমিন মিজি (৬০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৫০)। মমিন মিজি ওই মৃত আব্দুল গফুর মিজির ছেলে।
জানা গেছে, এদিন দুপুরে নিজ ঘরে কবুতরকে খাবার দিতে যায় মমিন মিজি ও তার স্ত্রী নুরজাহান বেগম। তিনি কবুতরের খাঁচায় হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে নুরজাহান বেগমও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এসময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাহা মৌ পরীক্ষা-নীরিক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ নিহতদের মরদেহ থানা হেফাজতে নেয়। এদিকে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, নিহতের পারিবার ও ওই বাড়ির লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, কবুতরের লোহার খাঁচায় বিদ্যুতের তার (ক্যাবল) অসাবধনাতবশত জড়িয়ে ছিল। তারা (মো. মমিন মিজি ও নুরজাহান বেগম) খাঁচায় হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে মমিন মিজি ও নুরজাহান বেগমকে মৃত অবস্থায় পেয়েছি। অর্থাৎ হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
০৩ জুন, ২০২৩।
