জাটকা নিধন প্রতিরোধে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

সন্ধ্যার টহল জোরদার করতে হবে
…জেলা প্রশাসক কামরুল হাসান

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকা রক্ষায় পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ ও জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির মধ্যবর্তী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মার্চ) বেলা ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, প্রতিদিনই যেনো নদীতে অভিযান থাকে। হাইমচর এলাকায় নৌ-বাহিনীর টহল জোরদার করতে হবে। যারা মৎস্য প্রকল্পের ভাতা পায় নদীতে নৌকা নিয়ে কারা নামে সে তথ্য দিতে হবে। আর যদি তথ্য দিতে না পারে, তাহলে তাদের ভাতা বন্ধ রাখতে হবে। সব সময় অভিযানে দুটো বোট যাবে। টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। বিকেলের সময়টাকে পরিবর্তন করে সন্ধ্যার টহল জোরদার করতে হবে। আটক জাল প্রতিদিন আগুনে পুড়িয়ে ফেলা হবে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার, নৌবাহিনীর কমান্ডার মেহের, কোস্টগার্ডের সিনিয়র পেটি অফিসার শফিকুল ইসলাম, চাঁদপুর কান্ট্রি ফিসিং বোট মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর সরদার প্রমুখ।

৩০ মার্চ, ২০২৩।