করোনা ভাইরাস প্রতিরোধে

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ বাজারসহ পৌরসভাধীন হাট-বাজারগুলোতে নিজ হাতে জীবাণুনাশক তরল পদার্থ স্প্রে করছেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে তিনি প্রতিদিন এই জীবাণুনাশক তরল পদার্থ স্প্রে করে আসছেন। একই সাথে নিয়মিত কার্যক্রমে অংশ হিসেবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছেন তিনি।
এছাড়া পৌরসভা ও ব্যক্তিগত উদ্যোগে পৌরবাসীর মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিপলেট বিতরণ করছেন মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। এবং নিম্নবিত্ত, অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী পৌরবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন তিনি। এসব কাজে সহযোগিতা করছেন পৌরসভার কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা।
দেখা গেছে, পরিচ্ছন্নতা কর্মীদের পোশাক পরে গত রোববার হাজীগঞ্জ পশ্চিম বাজারে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ও বাজারের অলি-গলিতে জীবাণুনাশক স্প্রে করছেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। এ সময় তিনি ঝাড়ু হাতে নিয়ে জীবাণুনাশক তরল পদার্থগুলো ছড়িয়ে-ছিটিয়ে দিচ্ছেন। একই সাথে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছেন পৌরসভার কর্মচারীরা।
পৌরসভা সূত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে পৌরসভার অর্থায়নে পৌরসভাসহ সব ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে ১ লাখ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণের পাশাপাশি পৌরসভা এলাকায় প্রায় ৫ হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন এবং তিনি ব্যক্তিগত অর্থায়নে নিম্নবিত্ত, অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী পৌরবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। সরকারি নির্দেশনা ও পৌরসভা থেকে গ্রহণকৃত সব কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মনিটরিং করছেন মেয়র নিজেই। উল্লেখিত বিষয়টি নিশ্চিত করেছেন পৌর সচিব মুহাম্মদ নূর আজম বিন শরীফ।
এ বিষয়ে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন জানান, আতঙ্ক নয়, ব্যক্তিগত সচেতনতাই করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে পারে। তিনি বলেন, চলমান এই সংকট নিরসন না হওয়া পর্যন্ত পৌরসভার গ্রহণকৃত সব কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি পৌরবাসীর স্বার্থে সব সময় আছেন এবং থাকবেন বলে জানান।
