দীর্ঘ এক যুগ পর আজ ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন

নবী নোমান
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে অবশেষে দীর্ঘ এক যুগ পর আজ বুধবার (২০ অক্টোবর) ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে একটানা বিকাল ৩টা পর্যন্ত পৌরসভায় ভোটগ্রহণ করা হবে। স্থাপিত ৩টি বুথে মোট ৮৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পারচালনা কমিটি ভোটগ্রহণ সুসম্পন্ন করার লক্ষ্যে বুথ স্থাপনসহ নানাবিধ কাজ করছে।
তবে যেহেতু করোনাকাল, তাই ভোটার প্রার্থী ও সমর্থক সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পড়ার নির্দেশনা দেয়া হয়েছে। পৌর মেয়র মাহফুজুল হক জানিয়েছেন, ভোট চলাকালে কেন্দ্র এলাকায় শুধুমাত্র প্রার্থী, ভোটে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও সংবাদকর্মী ছাড়া কেউ উপস্থিত থাকতে পারবে না।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর সচিব একেএম খোরশেদ আলম জানান, নির্বাচনী শৃঙ্খলা রক্ষার জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। একজন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। এবারের নির্বাচনে মোট ১৭টি পদের জন্য ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যেই প্রতীক বরাদ্দসহ আগেই সব কাজ সম্পন্ন হয়েছে। তবে সাধারণ সদস্য পদে ৬টি, ক্রীড়া সম্পাদক, প্রচার সম্পাদক পদে একজন করে প্রার্থী থাকায় মোট ৮টি পদের প্রার্থীরা ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গত ১২ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর গতকাল সোমবার পর্যন্ত প্রার্থীরা প্রচারের সুযোগ পেয়েছেন।
নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত মিয়া (প্রতীক মোবাইল ফোন) ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুকুল ইসলাম (প্রতীক ছাতা)। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- অহিদ পাটওয়ারী (আনারস), মিজানুর রহমান বাবুল (চশমা) ও নুরুল আমিন পাটওয়ারী (মোমবাতি)।
সহ-সভাপতির ২টি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- মাসুদুর রহমান (চেয়ার) ও আলী হায়দার পাঠান (টেবিল) ও শফিকুর রহমান মৃধা (গোলাপ ফুল)। সহ-সাধারণ সম্পাদক পদে দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আবুল হোসাইন (দোয়াত-কলম) ও শিমুল পাটওয়ারী (বই)। সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আনোয়ার হোসেন (টিয়াপাখি) ও নজরুল ইসলাম (মোরগ)। কোষাধ্যক্ষ পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- সোহেল পাটওয়ারী (আম) ও আবুল হোসেন (চাকা)। দপ্তর সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- ফিরোজ আলম (জগ) ও মাইনুল হাছান (কাপ-পিরিজ)।
গত ১১ অক্টোবর দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক ব্যবসায়ীদের সাথে আলোচনা শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এর আগে চলতি বছরের ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠানের তারিখ থাকলেও করোনাজনিত কারণে তা’ স্থগিত হয়ে যায়।
উল্লেখ্য, একযুগ আগে বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন হলেও তারা দায়িত্ব বুঝে পাননি। ফলে কমিটিবিহীন উপজেলা সদরের প্রধান বাজারটি দীর্ঘদিন চলছিল।
২১ অক্টোবর, ২০২০।